ভোটের মরসুম যত এগিয়ে আসছে, ততই সিঙ্গুরকে ঘিরে রাজনৈতিক ঘুঁটি সাজাতে ব্যস্ত শাসক তৃণমূল কংগ্রেস। বুধবার আন্দোলনের পীঠস্থান বীরভূম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে ১৬৯৪টি পরিষেবা প্রকল্পের শিলান্যাস করেন। সেই মঞ্চেই উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা দীপক অধিকারী।
সভা মঞ্চ থেকে কার্যত ভোটের প্রস্তুতির সুর বেঁধে দেন রচনা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের শুরুতে জনতার খোঁজখবর নিলেও, দ্রুতই তাঁর ভাষায় ধরা পড়ে রাজনৈতিক লড়াইয়ের ডাক। তিনি বলেন,
“এখন থেকেই লড়াই শুরু। বাংলার দাপট মানুষ এখনও পুরোটা দেখেনি। একদিকে ১০ কোটি মানুষ, অন্যদিকে বিজেপি আর এজেন্সি। যাঁরা বলেন বাংলা বলে কোনও ভাষা নেই, তাঁদের বিরুদ্ধেই আমাদের লড়াই।”
নিজেকে জনগণের সাংসদ হিসেবে তুলে ধরে রচনা আরও বলেন,
“আমি আপনাদের সাংসদ। আপনাদের সঙ্গে বারবার দেখা হবে। আজ আমরা দিদির কথা শুনতে এসেছি। ২০১১ সালে আসন ছিল ১৮৫, ২০১৬-তে ২১৬, ২০২১-এ ২১৫। আর ২০২৬ সালে কী হবে—টার্গেট বুঝতেই পারছেন। রেকর্ড হবে।”
উল্লেখ্য, এর আগের দিনই সিঙ্গুরে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তাঁর বক্তব্যে শিল্প স্থাপন নিয়ে কোনও স্পষ্ট আশ্বাস শোনা যায়নি। সেই প্রেক্ষাপটেই বুধবারের সভা থেকে সিঙ্গুরে জোড়া শিল্প প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানান,
“৮ একর জমিতে ৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে। ২৮টি প্লটের মধ্যে ইতিমধ্যেই ২৫টি বরাদ্দ হয়ে গিয়েছে। বহু মানুষের কর্মসংস্থান হবে। কৃষিও চলবে, শিল্পও চলবে—কৃষিজমি দখল করে নয়।”
এর পাশাপাশি আরও একটি প্রকল্পের কথা ঘোষণা করে তিনি জানান, ৭৭ একর জমিতে একটি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে।
ভোটের আগে সিঙ্গুরকে কেন্দ্র করে শিল্প, উন্নয়ন এবং রাজনৈতিক বার্তার এই সমন্বয় যে আগামী দিনে রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা বলাই বাহুল্য।







