আজ থেকে শুরু হয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষার মাঝেই কোচবিহারে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। জানা গিয়েছে, সোমবার পরীক্ষা চলাকালীন তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ হাইস্কুলের মাঠে রাখা একটি সিলিন্ডারে আচমকা বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে স্কুল চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
তবে স্বস্তির খবর, এই ঘটনায় কোনও হতাহত হয়নি। স্কুল কর্তৃপক্ষের দাবি, সময়মতো পুলিশ ও প্রশাসনের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিস্ফোরণের শব্দে পরীক্ষার্থীদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। এলাকা ঘিরে রেখে শুরু হয়েছে তদন্ত। কী কারণে সিলিন্ডার বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে স্কুল চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে।
মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দিনে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে অভিভাবক মহলে। প্রশাসনের আশ্বাস, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।







