রাজ্য

বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট: লক্ষ্মীর ভান্ডারেই কি চমক মমতার?

নিজস্ব সংবাদদাতা: দুয়ারে বিধানসভা নির্বাচন। তার আগেই বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট (ভোট অন অ্যাকাউন্টস) পেশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভোটের মুখে এই বাজেটে কী কী ‘চমক’ থাকতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প।

২০২১ সালের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার ছিল তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান প্রতিশ্রুতি। নির্বাচনে জয়ের পর সেই প্রতিশ্রুতি কার্যকর করে রাজ্য সরকার। বর্তমানে সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা এই প্রকল্পে মাসে এক হাজার টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসে ১,২০০ টাকা করে পান। গত লোকসভা ভোটের আগে এই প্রকল্পে বরাদ্দ অর্থ বৃদ্ধি করেছিল রাজ্য। ফলে বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ফের অর্থবৃদ্ধি হবে কি না, তা নিয়েই জল্পনা তুঙ্গে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, মহিলা ভোটব্যাঙ্ক ধরে রাখতে লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক বাড়াতে পারেন মুখ্যমন্ত্রী। যদিও কতটা বাড়তে পারে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি। গত পাঁচ বছরে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের হাতে প্রায় ৭৪ হাজার কোটি টাকা পৌঁছে দিয়েছে সরকার। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে এই খাতে বরাদ্দ ছিল প্রায় ২৭ হাজার কোটি টাকা। নতুন বাজেটে এই অঙ্ক কতটা বাড়ে, সে দিকেই নজর।

তৃণমূলের অন্দরের বক্তব্য, ‘‘বৃহস্পতিবার লক্ষ্মীবারে ঘরে ঘরে লক্ষ্মী পৌঁছে দেবেন দিদি।’’

বাজেটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ)। বৃহস্পতিবারই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হওয়ার কথা। ফলে বাজেটে এই বিষয়ে কোনও ইঙ্গিত থাকে কি না, তা নিয়েও আগ্রহ রয়েছে।

নবান্ন সূত্রের দাবি, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে সামনে রেখেই এবারের বাজেট সাজানো হয়েছে। পাশাপাশি রাজ্যের পরিকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ এবং কর্মসংস্থান বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। সামগ্রিক বাজেট বরাদ্দ ৭ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে খবর। এ ছাড়াও আশা কর্মী-সহ বিভিন্ন অস্থায়ী কর্মীদের জন্য বেতনবৃদ্ধি ও সুবিধা ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিভিক ভলান্টিয়ারদের জন্য কোনও ঘোষণা আসে কি না, সেদিকেও নজর রাজনৈতিক মহলের।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার ২ লক্ষ ৯৯ হাজার ৬৪৪ কোটি টাকার বাজেট পেশ করেছিল। তৃতীয়বার সরকার গঠনের পরে জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেটে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছিল ৩ লক্ষ ৮ হাজার ৭২৭ কোটি টাকা। কাকতালীয় ভাবে, ২০২১ সালেও ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছিল। এবছরও বিধানসভা ভোটের আগেই একই দিনে বাজেট পেশ হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভায় বাজেট বক্তৃতা দেবেন। তার পরে মুখ্যমন্ত্রীর ঘরে মন্ত্রিসভার বিশেষ বৈঠক হবে। সেখানে বাজেটের আনুষ্ঠানিক অনুমোদনের পর অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করবেন।

প্রসঙ্গত, ২০২১ সালে ভোটকুশলী প্রশান্ত কিশোরের পরামর্শে অন্তর্বর্তী বাজেটের বদলে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী নিজে। এবার তেমন কোনও সম্ভাবনা নেই বলেই নবান্ন সূত্রে খবর।

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, অন্তর্বর্তী বাজেটে ঘোষিত কোনও প্রতিশ্রুতিই কার্যকর করা যাবে না। তাঁর বক্তব্য, ‘‘এপ্রিল থেকে জুলাই—এই চার মাসের জন্যই এই বাজেট। সরকার প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু কিছু কার্যকর করতে পারবে না।’’ যদিও তৃণমূলের পাল্টা যুক্তি, আদর্শ আচরণবিধি কার্যকর হয় নির্বাচন ঘোষণার পর, আর তার জন্য এখনও কিছুটা সময় রয়েছে।

ভোটের আগে এই বাজেট রাজনৈতিক বার্তা দেয় কি না, সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.