ফেব্রুয়ারির মাঝামাঝি এসে বঙ্গে শীতের দাপট অনেকটাই ফিকে। সকাল–রাতে হালকা ঠান্ডার পরশ থাকলেও দুপুর গড়াতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবার থেকেই রাজ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।
বিশেষ করে দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আবহাওয়ার স্পষ্ট বদল নজরে পড়বে। আপাতত শীতের আবেশ টিকে থাকলেও তা খুব বেশি দিন স্থায়ী হবে না বলেই ইঙ্গিত।
বেলা বাড়লেই বাড়ছে অস্বস্তি
সকাল ও রাতে এখনও হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে দুপুরের রোদ ক্রমেই তেজি হচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকেই রোদের তাপ আরও বাড়বে। সেই সময় থেকে বেশ গরম অনুভূত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
রাতের তাপমাত্রাও ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। ফলে শীতের আমেজ আরও দ্রুত মিলিয়ে যাবে।
উত্তরবঙ্গের আবহাওয়া :-
উত্তরবঙ্গেও একই ছবি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোরের দিকে কিছুটা কুয়াশা দেখা গেলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার থাকবে।
আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পাহাড়ে হালকা ঠান্ডা থাকলেও সমতলে উষ্ণতার প্রভাব স্পষ্ট হবে।
নতুন ঝঞ্ঝা বা নিম্নচাপ:-
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যাওয়ায় বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া বইছে। এর জেরেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। নতুন করে কোনও নিম্নচাপ বা ঝঞ্ঝার পূর্বাভাসও নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ফলে আগামী সাত দিন রাজ্যের প্রায় সব জেলাতেই আবহাওয়া থাকবে শুষ্ক। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ-সহ সর্বত্র বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।







