ফেব্রুয়ারির শেষপ্রান্তে দাঁড়িয়েই রাজ্যজুড়ে গ্রীষ্মের আগাম আগমনী বার্তা। সপ্তাহের শুরুতে কয়েক ঘণ্টার হালকা বৃষ্টি সামান্য স্বস্তি দিলেও তা ছিল ক্ষণস্থায়ী। ফের ভ্যাপসা গরম ও আর্দ্রতায় নাজেহাল উত্তর ও দক্ষিণবঙ্গ। দোলপূর্ণিমার সপ্তাহেও গরমের দাপট থেকে রেহাই মিলছে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
দোলে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মার্চের প্রথম দিন থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আবহাওয়ার তেমন বড় পরিবর্তন না হলেও ১ মার্চ, রবিবার থেকে রাজ্যের অধিকাংশ জেলায় পারদ বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই উষ্ণতার প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে। শহরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন নামবে প্রায় ১৮ ডিগ্রিতে। আপেক্ষিক আর্দ্রতা প্রায় ৫৩ শতাংশ থাকায় ভ্যাপসা ভাব আরও বাড়বে।
উত্তরবঙ্গেও আগামী দু-তিন দিনে বড় পরিবর্তন নেই। তবে পরবর্তী সময়ে সেখানেও ২-৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে পাহাড়ে শীতের ছোঁয়া বজায় থাকলেও সমতলে শুরু হচ্ছে আগাম গরমের দাপট।
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের বর্তমান পরিস্থিতি
মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ দ্রুত শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে এবং উত্তর-উত্তরপূর্ব দিকে সরে যাচ্ছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হলেও তার প্রভাব বেশি পড়ছে ওড়িশার উপরেই।
এছাড়া উত্তরাখণ্ড ও পশ্চিম অসম সংলগ্ন এলাকাতেও রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব আরব সাগর ও কেরল উপকূলের কাছে সক্রিয় রয়েছে একটি আপার এয়ার সার্কুলেশন। নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করলেও তার বিশেষ প্রভাব বাংলায় পড়বে না বলেই পূর্বাভাস।
বৃষ্টির সম্ভাবনা কতটা?
বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের আকাশ বেশ কয়েকদিন পরিষ্কারই থাকবে। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে বসন্ত উৎসব-দোলপূর্ণিমা কাটবে রোদ-গরমের মধ্যেই।
সব মিলিয়ে, শীতের বিদায় ঘণ্টা কার্যত বেজে গিয়েছে সমতলে। পাহাড়ে সামান্য শীতের আমেজ থাকলেও বাংলার বাকি অংশে শুরু হয়ে গেল আগাম গ্রীষ্মের দাপট। দোলের রঙের সঙ্গে তাই যোগ হবে ঘামও!







