সিভিক ভলান্টিয়ারদের কেন্দ্রীয় বাহিনীর মতো পোশাক পরিয়ে ডিউটি করানো হচ্ছে—এমনই গুরুতর অভিযোগ তুললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ Soumitra Khan। শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের Mangalkot ব্লকের কাশেমনগর গ্রামে একটি রাজনৈতিক কর্মসূচি সেরে ফেরার পথে এই মন্তব্য করেন তিনি। স্বভাবতই তাঁর এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
শনিবার সন্ধ্যায় কাশেমনগরে বিজেপির ‘পরিবর্তন সভা’ ছিল। সেই সভা শেষে ফেরার সময় সরুলিয়া এলাকার একটি হিমঘরের সামনে আলু বোঝাই ট্রাক্টরের ভিড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সেই যানজটে আটকে পড়ে সাংসদ ও অন্যান্য বিজেপি নেতাকর্মীদের গাড়ি।
এদিকে যানজট নিয়ন্ত্রণে তখন মোতায়েন ছিলেন বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার। তাঁদের পোশাক দেখেই ক্ষোভ প্রকাশ করেন সাংসদ। তাঁর অভিযোগ, সিভিক ভলান্টিয়ারদের কেন্দ্রীয় বাহিনীর মতো পোশাক পরানো হয়েছে, যা একেবারেই অনুচিত। যদিও একই সঙ্গে তিনি সিভিক ভলান্টিয়ারদের কাজের প্রশংসাও করেন।
সাংসদ বলেন, “সিভিকরা দেখছি আর্মির ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। এটা একটু চিন্তার বিষয়। তবে ছেলেরা ভাল কাজ করছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর পোশাক কেন পরবে?”
অন্যদিকে এই অভিযোগকে একেবারেই উড়িয়ে দিয়েছে শাসক দল। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক Bagbul Islam পাল্টা কটাক্ষ করে বলেন, “ওনার মনে হয় মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই এমন উল্টোপাল্টা কথা বলছেন। সিভিক ভলান্টিয়াররা তাঁদের নির্দিষ্ট পোশাকই পরেন। তাঁরা কেন কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরবেন? রাজনৈতিক চাপে পড়েই উনি এসব বলছেন। আসলে দল বড় দায়িত্ব দিয়েছে, সেই চাপেই উনি এমন মন্তব্য করছেন।”
এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে বলে মনে করছে রাজনৈতিক মহল।







