নতুন অর্থবর্ষ শুরু হতেই ঝুঁকিমুক্ত বিনিয়োগকারীদের জন্য বড় সতর্কতা সামনে এসেছে। ইন্ডিয়ান পোস্ট অফিসের-এর জনপ্রিয় সঞ্চয় প্রকল্প PPF -এ সঠিক সময়ে টাকা জমা না করলে সুদের বড় অংশ হাতছাড়া হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এপ্রিল মাসে ১ থেকে ৫ তারিখের মধ্যে বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ PPF-এ সুদ হিসাব করা হয় প্রতি মাসের ৫ তারিখ থেকে শেষ দিন পর্যন্ত অ্যাকাউন্টে থাকা সর্বনিম্ন ব্যালেন্সের উপর। ফলে ৫ এপ্রিলের আগে টাকা জমা পড়লে পুরো মাসের সুদের সুবিধা পাওয়া যায়, আর তার পরে জমা দিলে সেই মাসের সুদ কার্যত মিস হয়ে যায়।
বর্তমানে এপ্রিল-জুন ২০২৬ ত্রৈমাসিকের জন্য PPF-এ সুদের হার রাখা হয়েছে ৭.১ শতাংশ, যা সম্পূর্ণ করমুক্ত। এই কারণেই নিরাপদ ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে এটি সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়।
ধরা যাক, কোনও বিনিয়োগকারী বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা করেন। যদি তিনি ৫ এপ্রিলের মধ্যে এই বিনিয়োগ সম্পন্ন করেন, তাহলে বছরে প্রায় ১০,৬৫০ টাকা সুদ পেতে পারেন। কিন্তু যদি ৬ এপ্রিল বা তার পরে টাকা জমা করেন, তাহলে সুদ কমে দাঁড়াবে প্রায় ৯,৭৬৩ টাকা—অর্থাৎ, মাত্র একদিন দেরিতে প্রায় ৮৮৭ টাকার ক্ষতি।
এই ক্ষতি শুধু এক বছরের নয়—দীর্ঘমেয়াদে এর প্রভাব অনেক বড় হতে পারে। নির্দিষ্ট সময় মেনে ১৫ বছর বিনিয়োগ করলে যেখানে মোট টাকা প্রায় ৪০ লক্ষ টাকার বেশি হতে পারে, সেখানে দেরিতে বিনিয়োগ করলে সেই অঙ্ক কমে কয়েক লক্ষ টাকা পর্যন্ত নেমে আসতে পারে।







