সকাল সকাল ভবানীপুরে একাধিক বুথ পরিদর্শনে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফার ভোটের আগে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের গ্রেফতার ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া প্রতিক্রিয়া জানান তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, প্রথম দফার ভোটেই বিজেপি কার্যত পরাজিত হয়েছে এবং এখন তারা এক্তিয়ার বহির্ভূতভাবে কাজ করছে। তাঁর দাবি, নির্বাচন কমিশনের অবজার্ভারদের দায়িত্ব হওয়া উচিত নিরপেক্ষভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং রিপোর্ট এসপি ও কমিশনের কাছে পাঠানো। এরপর কমিশনেরই সিদ্ধান্ত নেওয়ার কথা, কিন্তু বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ তাঁর।
তৃণমূল নেতা আরও দাবি করেন, যাঁদের বিরুদ্ধে কোনও মামলা নেই, তাঁদেরও বিভিন্ন জায়গায় আটক করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায়। পাশাপাশি কিছু বুথে ইভিএম বিকল হওয়ার অভিযোগও সামনে আসছে বলে জানান তিনি। এই বিষয়ে কেন্দ্রীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান অভিষেক।
শেষে তিনি ভোটারদের উদ্দেশে বার্তা দেন, মানুষ যেন শান্তভাবে ও ভয়হীনভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন এবং নির্ভয়ে ভোট দেন। রাজনৈতিক মহলের মতে, দ্বিতীয় দফার ভোটের আগে এই মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে রাজ্যের ভোটপরিস্থিতিতে।







