ক্রাইম

হাতুড়ে চিকিৎসার বলি! শ্যামপুরে ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যু, উত্তেজনা এলাকাজুড়ে

হাওড়ার শ্যামপুর থানার দেওড়া এলাকায় ভুল চিকিৎসার অভিযোগে উত্তেজনা ছড়াল শনিবার। মৃতের নাম লক্ষীকান্ত হাজরা (৫০)। পরিবারের অভিযোগ, পক্সে আক্রান্ত হওয়ার পর তিনি স্থানীয় এক ওষুধের দোকানে বসা গ্রামীণ চিকিৎসক তানভীর আলী খানের কাছে চিকিৎসা করান। কিন্তু কয়েকদিনের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে পরিবারের লোকজন তাঁকে প্রথমে বাগনান ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং সেখান থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই মৃত্যু হয় লক্ষীকান্তবাবুর।

মৃত্যুর খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও এলাকাবাসী। শনিবার সকালে মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ শুরু হয়। অভিযোগ, ওষুধের দোকানের মালিক ও হাতুড়ে চিকিৎসকের যোগসাজশেই ভুল চিকিৎসার জেরে এই মৃত্যু। দোষীদের কঠোর শাস্তির দাবিও তোলেন বিক্ষোভকারীরা।

ঘটনাস্থলে পৌঁছে শ্যামপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ওষুধের দোকানের মালিককে আটক করেছে। অভিযুক্ত তানভীর আলী খান পলাতক, তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকায় আরও কোনও হাতুড়ে চিকিৎসক সক্রিয় রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.