কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি সদর দফতর ভবানী ভবনে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ Abhishek Banerjee। বৃহস্পতিবার সন্ধ্যায় ভবানী ভবনে পৌঁছে বিশেষ তদন্তকারী দলের মুখোমুখি হন তিনি। প্রায় ছয় ঘণ্টা ধরে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রাত সাড়ে ১১টা নাগাদ সিআইডি দফতর থেকে বেরিয়ে যান অভিষেক।
সূত্রের খবর, ভবানী ভবন থেকে বেরিয়ে সরাসরি কালীঘাটে গিয়ে তৃণমূল নেত্রী Mamata Banerjee-র সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানে তদন্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকরা সই-জালিয়াতি মামলা ও সিআইডি হাজিরা নিয়ে একাধিক প্রশ্ন করলেও কোনও মন্তব্য করেননি তিনি। গম্ভীর মুখে সরাসরি নিজের গাড়িতে উঠে চলে যান। পরে প্রথমে কালীঘাটের বাড়ি এবং সেখান থেকে ভবানী ভবনে পৌঁছন তৃণমূল সাংসদ।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দিতে হত। সেই ডেডলাইনের মাত্র ১ ঘণ্টা ৪০ মিনিট আগে কলকাতায় পৌঁছন তিনি। ফলে রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক স্তর— সর্বত্রই জল্পনা ও উত্তেজনা তুঙ্গে ওঠে।
অন্যদিকে, আদালতে সিআইডি দাবি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই তিনটি নোটিস পাঠানো হয়েছিল এবং সেগুলির মেয়াদও শেষ হয়েছে। তদন্তকারী সংস্থার অভিযোগ, একটি বিতর্কিত রেজোলিউশনে একাধিক বিধায়কের স্বাক্ষর সংক্রান্ত অসঙ্গতি সামনে এসেছে। কয়েকজন বিধায়ক দাবি করেছেন, যে তারিখে রেজোলিউশন পাশ হওয়ার কথা বলা হয়েছে, সেদিন তাঁরা উপস্থিতই ছিলেন না। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে বলে জানিয়েছে সিআইডি। তবে সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তৃণমূলের দাবি। এখন তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাজ্যের রাজনৈতিক মহলের।







