জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গরিব মানুষের কাছ থেকে নেওয়া টাকা ফেরতের দাবিতে এবার গ্রামজুড়ে মাইকিং শুরু করেছেন একদল সচেতন নাগরিক। একইসঙ্গে অভিযুক্ত তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তাঁদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি ছোট গাড়িতে মাইক বেঁধে ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার চালানো হয়। মাইকিংয়ের মাধ্যমে অভিযোগ করা হয়, অতীতে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করা হয়েছিল। আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ একাধিক প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সেই অর্থ দ্রুত ফেরত দেওয়ার দাবি জানানো হয়।
মাইকিংয়ে স্পষ্ট ভাষায় বলা হয়, “ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত তৃণমূল নেতা-কর্মী খেটে খাওয়া মানুষের টাকা আত্মসাৎ করেছেন, তাঁরা অবিলম্বে সেই টাকা ফেরত দিন। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়ি ঘেরাও করে হিসাব চাওয়া হবে।”
আন্দোলনের সঙ্গে যুক্ত এক নাগরিকের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার বহু মানুষ সরকারি সুবিধা পেতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু নেতা সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়েছেন। তাই এবার দুর্নীতির বিরুদ্ধে সরাসরি গণআন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে।
উল্লেখ্য, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন এলাকায় অতীতের দুর্নীতি ও কাটমানি সংক্রান্ত অভিযোগ নতুন করে সামনে আসছে। সেই আবহেই ধূপগুড়ির ঝাড় আলতা এলাকায় মাইকিং করে প্রতিবাদের এই অভিনব কর্মসূচি স্থানীয় রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।







