নতুন শিক্ষাবর্ষের শুরুতেই ছত্তীসগড়ে শিক্ষা নীতিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যের বিজেপি সরকার ১৬ জুন থেকে সমস্ত সরকারি স্কুলে প্রতিদিনের প্রার্থনা সভায় গায়ত্রী মন্ত্র, সরস্বতী বন্দনা-সহ একাধিক বৈদিক মন্ত্র পাঠ বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে সরব হয়েছে বিরোধী কংগ্রেস।
স্কুল শিক্ষা দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিনের প্রার্থনা সভায় জাতীয় সংগীত ও জাতীয় গানের পাশাপাশি ‘দীপ মন্ত্র’, ‘সরস্বতী বন্দনা’ এবং ‘গুরু মন্ত্র’ পাঠ করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে বিশিষ্ট ঐতিহাসিক ব্যক্তিত্বদের জীবন ও কর্ম সম্পর্কেও আলোচনা করা হবে। মিড-ডে মিলের আগে ‘ভোজন মন্ত্র’ এবং স্কুল ছুটির আগে রাজ্য সংগীত গাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। দিনের শেষে গায়ত্রী মন্ত্র ও শান্তি মন্ত্রের মাধ্যমে পাঠ শেষ হবে।
এই সিদ্ধান্তের বিরোধিতা করে কংগ্রেসের দাবি, সরকারি শিক্ষাব্যবস্থার ধর্মনিরপেক্ষ চরিত্র ক্ষুণ্ণ করা হচ্ছে। দলের নেতাদের অভিযোগ, সরকারি স্কুলে ধর্মীয় মন্ত্র বাধ্যতামূলক করা সংবিধানের মূল ভাবনার পরিপন্থী এবং এর ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অস্বস্তি তৈরি হতে পারে।
অন্যদিকে, সরকারের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করা হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী গজেন্দ্র যাদব জানিয়েছেন, এই উদ্যোগের সঙ্গে কোনও রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। তাঁর দাবি, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও সাংস্কৃতিক চেতনা গড়ে তোলাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
উল্লেখ্য, নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই ‘শালা প্রবেশ উৎসব’-এর মাধ্যমে রাজ্যজুড়ে নতুন পড়ুয়াদের স্বাগত জানানো হয়েছে। তবে সেই উৎসবের আবহের মধ্যেই স্কুলে মন্ত্রপাঠ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ছত্তীসগড়ের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আগামী দিনে এই ইস্যু নিয়ে শাসক ও বিরোধী শিবিরের সংঘাত আরও বাড়তে পারে বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।






