ঘুম থেকে উঠেই মাথা ঘোরা, হাঁটতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলা কিংবা সারাদিন বমি বমি ভাব— এমন উপসর্গকে অনেকেই সাধারণ ক্লান্তি বা ভার্টিগো ভেবে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসকদের মতে, এর পিছনে লুকিয়ে থাকতে পারে অন্তঃকর্ণের (ইনার ইয়ার) গুরুতর সমস্যা। অন্তঃকর্ণের সঙ্গে মস্তিষ্কের সরাসরি যোগাযোগ থাকায় সেখানে কোনও গোলমাল হলে শরীরের ভারসাম্য ও স্নায়ুতন্ত্র দু’টিই প্রভাবিত হতে পারে।
কানের প্রধান কাজ শুধু শব্দ শোনা নয়, শরীরের ভারসাম্য বজায় রাখাও। অন্তঃকর্ণের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশ বা সংশ্লিষ্ট স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে মাথা ঘোরা, দাঁড়াতে বা বসতে সমস্যা, হাঁটার সময় টলমল ভাব এবং বমি বমি ভাব দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রেই শ্রবণশক্তি স্বাভাবিক থাকলেও এই উপসর্গগুলি প্রকট হয়ে ওঠে।
বিশেষজ্ঞদের মতে, এমন সমস্যার অন্যতম কারণ হতে পারে বিনাইন প্যারোক্সিসমাল পজ়িশনাল ভার্টিগো (BPPV)। এই রোগে কানের ভেতরের ক্ষুদ্র ক্যালশিয়াম কণাগুলি স্বাভাবিক অবস্থান থেকে সরে গিয়ে ভারসাম্য রক্ষাকারী অংশে জমা হয়। ফলে মাথা নাড়ালেই বা শরীরের অবস্থান বদলালেই তীব্র মাথা ঘোরা শুরু হয়। বয়স বাড়ার সঙ্গে এই সমস্যা বাড়লেও মাথায় আঘাত বা কানের সংক্রমণের কারণেও এটি হতে পারে।
এ ছাড়াও ভাইরাসজনিত সংক্রমণের ফলে ভেস্টিবুলার নিউরাইটিস নামে একটি সমস্যা দেখা দিতে পারে। এতে অন্তঃকর্ণ থেকে মস্তিষ্কে ভারসাম্যের সংকেত বহনকারী স্নায়ুতে প্রদাহ হয়। ফলস্বরূপ আচমকা তীব্র মাথা ঘোরা, ভারসাম্যহীনতা, বমি, বমি ভাব এবং দৈনন্দিন কাজে মনোযোগের ঘাটতি দেখা দেয়।
চিকিৎসকদের পরামর্শ, মাথা ঘোরার সমস্যা বারবার হলে বা ওষুধে উপশম না হলে তা কখনওই অবহেলা করা উচিত নয়। কারণ কিছু ক্ষেত্রে কানের সংক্রমণ ছড়িয়ে গিয়ে মস্তিষ্কেও প্রভাব ফেলতে পারে। তাই দীর্ঘদিন ধরে এমন উপসর্গ দেখা দিলে দ্রুত কান-নাক-গলা বিশেষজ্ঞ বা স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।







