দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিলেন হুগলির তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায়। একাধিক অভিযোগে নাম জড়ানোর পর তিনি রাজ্যের বাইরে আত্মগোপন করেছিলেন বলে দাবি তদন্তকারীদের। অবশেষে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কর্ণাটক থেকে তাঁকে গ্রেফতার করল ধনেখালি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ১১ জুন ধনেখালিতে রামেন্দু সিংহরায়ের মালিকানাধীন একটি বিএড কলেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল সরকারি প্রকল্পের ত্রিপল, খেলাধুলার সরঞ্জাম-সহ বিভিন্ন সামগ্রী। এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি সম্পত্তি আত্মসাৎ, তোলাবাজি এবং হুমকির মতো একাধিক অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে।
অভিযোগ ওঠার পর থেকেই তিনি গা-ঢাকা দেন বলে দাবি পুলিশের। তদন্তে নেমে তাঁর গতিবিধির উপর নজরদারি চালানো হয় এবং শেষ পর্যন্ত কর্ণাটকে তাঁর অবস্থানের খোঁজ মেলে। এরপর সেখানে গিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তারকেশ্বর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন রামেন্দু সিংহরায়। তবে পরবর্তী নির্বাচনে বিজেপি প্রার্থী সন্তু পানের কাছে পরাজিত হন তিনি। অতীতেও রাজনৈতিক সংঘর্ষ এবং বিরোধীদের উপর হামলার অভিযোগে তাঁর নাম উঠে এসেছিল।
এদিকে সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের একাধিক প্রাক্তন জনপ্রতিনিধি ও নেতার বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি এবং সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে তদন্ত জোরদার হয়েছে। সেই আবহেই রামেন্দু সিংহরায়ের গ্রেফতারি রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।







