কলকাতা

তারাতলা বিপর্যয়: লোহার বিম কেটে চলছে উদ্ধার, ধ্বংসস্তূপে এখনও আটকে থাকার আশঙ্কা বহু শ্রমিকের

দুর্ঘটনার পর তিন ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও উদ্ধার অভিযান এখনও পূর্ণ গতি পায়নি। ধ্বংসস্তূপের নীচে বিশাল আকারের লোহার বিম চাপা পড়ে থাকায় উদ্ধারকারীদের কাজে চরম বাধার মুখে পড়তে হচ্ছে। সেনা ও NDRF-এর বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নেমেছে। নিখোঁজদের সন্ধানে ব্যবহার করা হচ্ছে ড্রোনও।

উদ্ধারকর্মীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দুমড়ে-মুচড়ে যাওয়া লোহার বিমগুলি। ভার্টিক্যাল ড্রিলিংয়ের মাধ্যমে সেগুলি কেটে ধ্বংসস্তূপের ভিতরে পৌঁছানোর চেষ্টা চলছে। ভিতর থেকে একের পর এক গুরুতর জখম শ্রমিককে উদ্ধার করা হচ্ছে।

এখনও পর্যন্ত নির্মীয়মাণ গুদাম থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও ইন্দ্রনীল খাঁ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘটনাস্থলে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে।

ধ্বংসস্তূপে রক্তাক্ত লোহার বিম পড়ে থাকতে দেখা গিয়েছে। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে একাধিক ক্রেন, যার মধ্যে ৫০ টন ওজন তুলতে সক্ষম হাইড্রোলিক ক্রেনও রয়েছে। প্রথমদিকে ভেঙে পড়া কাঠামোর পিছন দিক থেকে মাটি কেটে ভিতরে ঢোকার চেষ্টা করা হলেও সেই উদ্যোগ সফল হয়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কয়েক হাজার বর্গফুট এলাকা জুড়ে গুদামটি নির্মাণ করা হচ্ছিল। জমিটি পোর্ট ট্রাস্টের মালিকানাধীন এবং আলিপুরদুয়ারের এক চা ব্যবসায়ী লিজ নিয়ে সেখানে গুদাম তৈরির কাজ শুরু করেছিলেন। এলাকাটি ৮০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত।

ঘটনার পর স্থানীয়দের একাংশের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এই বিপর্যয় ঘটেছে। সেই অভিযোগের তির উঠেছে এলাকার কাউন্সিলর আনোয়ার খানের দিকে। ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কাউন্সিলরকে ফিরহাদ ঘনিষ্ঠ বলেও দাবি করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.