কলকাতা

আমেরিকা যাওয়ায় আপাতত ‘না’, আগে এসএসকেএমে চোখ পরীক্ষা করান: অভিষেককে নির্দেশ হাইকোর্টের

ডিজে মন্তব্য মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে গিয়ে চোখের চিকিৎসার আবেদনে আপাতত অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, প্রথমে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সেই রিপোর্ট আদালতে জমা পড়ার পরই বিদেশে চিকিৎসার প্রয়োজন রয়েছে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি এসএসকেএমের বিশেষজ্ঞ চিকিৎসকরা মত দেন যে কলকাতায় এই রোগের চিকিৎসা সম্ভব নয় এবং বিদেশে চিকিৎসাই একমাত্র উপায়, তবেই বিদেশ যাওয়ার আবেদন বিবেচনা করা হবে। এই বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী অগাস্ট মাসে।

শুনানির সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতকে জানান, গত এক দশক ধরে তিনি আমেরিকায় একই সমস্যার চিকিৎসা করিয়ে আসছেন এবং সেই চিকিৎসা এখনও চলছে। সেই কারণেই বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

অন্যদিকে, রাজ্যের পক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হলে তদন্তের কাজে প্রভাব পড়তে পারে।

এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণে বলেন, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আদালত যথাযথ চিকিৎসা বিশেষজ্ঞের মতামতকেই গুরুত্ব দেবে। তিনি জানান, আগে সরকারি বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের রিপোর্ট আদালতে জমা পড়ুক, তারপর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, ডিজে মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতার-সহ কোনও কড়া পদক্ষেপে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ৬ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশও বহাল রাখা হয়েছে। আদালত আরও স্পষ্ট করেছে, আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশে যেতে পারবেন না। তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠলে পুলিশ আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.