সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এখনও বকেয়া ডিএ মেটায়নি রাজ্য সরকার। তাই এবার বৃহত্তর আন্দোলনের পথে হাঁটছে রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির তরফে জানানো হয়েছে, আগামী ৪ জুলাই রাজ্য জুড়ে পালন করা হবে দু’ঘণ্টার ‘পেন ডাউন’ কর্মসূচি। এরপর ৯ জুলাই ডাকা হয়েছে পূর্ণাঙ্গ ধর্মঘট।
গত ১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ-র ২৫ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে মেটাতে হবে। সেই সময়সীমা শেষ হয়েছে ২৭ জুন। কিন্তু আর্থিক সঙ্কটের যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চেয়েছে রাজ্য। আদালতের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আবেদন জানানো হয়েছে। তবে ততদিনে রাজ্যের সব কর্মচারী সংগঠন রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে।
কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী ইতিমধ্যেই কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেছেন। ১ জুলাই শহিদ মিনারে সাংবাদিক বৈঠক করে যৌথ আন্দোলনের ডাকও দেওয়া হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য সরকার যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আদালত অবমাননার মামলা করা হবে।
বর্তমানে রাজ্যের কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পান, যেখানে কেন্দ্রীয় কর্মচারীরা পান ৫৫ শতাংশ। সেই ব্যবধানই বিক্ষোভের প্রধান কারণ। কর্মীদের দাবি, বকেয়া মহার্ঘভাতা এখন তাদের ন্যায্য অধিকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই অবিলম্বে তা মেটাতে হবে। রাজ্য সরকার না-মানলে এবার কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন কর্মীরা।







