জেলা

৪০ দিন রিসর্ট দখলের অভিযোগ! সেবাশ্রয় শিবির ঘিরে অভিষেক-সহ তিনজনের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে মামলা

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় স্বাস্থ্যশিবিরকে ঘিরে নতুন বিতর্ক সামনে এল। পৈলানের একটি রিসর্ট কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায় এবং বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, সেবাশ্রয় কর্মসূচির জন্য প্রায় ৪০ দিন রিসর্টের সমস্ত ঘর কার্যত ব্যবহার করা হয়, যার জেরে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে মালিকপক্ষকে।

অভিযোগকারী সমীরণ রায়ের দাবি, স্বাস্থ্যশিবির চলাকালীন প্রায় ১১০ থেকে ১২০ জন চিকিৎসক ও কর্মীদের থাকার ব্যবস্থা, খাবার এবং যাতায়াতের খরচ বহন করতে বাধ্য করা হয়েছিল রিসর্ট কর্তৃপক্ষকে। পর্যটনের ব্যস্ত মরসুমে রিসর্ট ভাড়া দেওয়া সম্ভব না হওয়ায় ব্যবসায় বড়সড় ক্ষতি হয়েছে বলেও অভিযোগ।

রিসর্ট কর্তৃপক্ষ আরও দাবি করেছে, স্থানীয়ভাবে শিবির পরিচালনার জন্য অতিরিক্ত অর্থও আদায় করা হয়। অভিযোগে বলা হয়েছে, টাকা দিতে অস্বীকার করলে রিসর্টে ভাঙচুর এবং ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার হুমকি দেওয়া হয়েছিল। তাঁদের হিসাব অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের সেবাশ্রয় এবং সেবাশ্রয়-২ কর্মসূচির কারণে মোট ২০ থেকে ২৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

অভিযোগকারী জানিয়েছেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এতদিন তাঁরা পুলিশের দ্বারস্থ হওয়ার সাহস পাননি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই অভিযোগ দায়ের করেছেন বলে তাঁর দাবি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তোলাবাজি এবং দুর্নীতিদমন আইনের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, শুক্রবার বিধানসভায় সেবাশ্রয় কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলেন ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা। তার পরদিনই এই নতুন অভিযোগ সামনে আসে।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আদালতের দ্বারস্থ হলেও সব মামলায় সামগ্রিক সুরক্ষা দিতে আদালত অস্বীকার করেছে। তবে এই নতুন অভিযোগের বিষয়ে এখনও তাঁর বা সংশ্লিষ্ট অন্য অভিযুক্তদের পক্ষ থেকে কোনও পৃথক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.