রাজ্যে রেশন বণ্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, কার্যকর এবং জনবান্ধব করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাল নবান্ন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)-এর আওতাভুক্ত প্রতিটি পরিবারের সদস্যকে এবার থেকে মাথাপিছু ৭ কেজি করে চাল দেওয়া হবে। এই সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কেন্দ্র সরকারের পক্ষ থেকে জারি করা হবে বলে জানানো হয়েছে।
রেশন ব্যবস্থায় অতীতে ওঠা দুর্নীতি ও নিম্নমানের খাদ্যশস্য সরবরাহের অভিযোগ নিয়ে কড়া অবস্থান নিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তাঁর বক্তব্য, মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে সরকারি অর্থের অপচয় বা আত্মসাতের ঘটনা আর কোনওভাবেই মেনে নেওয়া হবে না। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে খাদ্যশস্য সরাসরি চাষি এবং প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি চাষিদেরও সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ: রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত কোনও ডিস্ট্রিবিউটর বা ডিলার দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন খাদ্যমন্ত্রী।
চালের গুণমান বজায় রাখতে নজরদারি: সেন্ট্রাল পুল ও স্টেট পুল—উভয় উৎসের চালের মান নিশ্চিত করতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। নিম্নমানের চাল সরবরাহ হলে তা সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউটরদের ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে রেশন ডিলারদেরও খারাপ মানের খাদ্যশস্য গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভাঙা চালের পরিমাণ কমানো: রেশন ব্যবস্থায় আগে যেখানে ১০ শতাংশ পর্যন্ত ভাঙা চালের অনুমতি ছিল, এবার তা কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। প্রশাসনের দাবি, এর ফলে প্রকৃত উপভোক্তারা আরও উন্নত মানের এবং সম্পূর্ণ রেশন সামগ্রী পাবেন।







