আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে জন্মাষ্টমীর প্রস্তুতি। ঘরে ঘরে লাড্ডু গোপালের সাজ, ভোগ, আলোকসজ্জা ও বিশেষ পুজোর আয়োজন চলছে। তবে প্রতি বছরের মতো এবারও অনেকের মনে প্রশ্ন—জন্মাষ্টমী ২০২৬ কবে পালন করা হবে, ৪ সেপ্টেম্বর নাকি ৫ সেপ্টেম্বর?
পঞ্জিকা অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে ৪ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ২টা ২৫ মিনিটে এবং শেষ হবে ৫ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ১২টা ১৩ মিনিটে। শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল নিশীথ কালে, অর্থাৎ মধ্যরাতে। সেই কারণেই গৃহস্থদের অধিকাংশই ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী পালন করবেন।
অন্যদিকে, বৈষ্ণব মত অনুসরণকারী মঠ-মন্দির এবং ইসকনসহ বহু ধর্মীয় প্রতিষ্ঠান ৫ সেপ্টেম্বর জন্মাষ্টমী উদযাপন করবে। তাই দুই দিনেই ভিন্ন নিয়মে উৎসব পালিত হলেও উভয়টিই শাস্ত্রসম্মত বলে মনে করা হয়।
এবারের জন্মাষ্টমীতে নিশীথ কালের বিশেষ পুজোর শুভ সময় ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৭ মিনিট থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা ৪৩ মিনিট পর্যন্ত। এই সময়েই শ্রীকৃষ্ণের জন্মমুহূর্ত স্মরণ করে বিশেষ আরতি, কীর্তন ও আরাধনা করার বিধান রয়েছে।
পুজোর ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি। শ্রীকৃষ্ণের ভোগ বা পূজায় তুলসী পাতা ব্যবহার না করলে পূজা অসম্পূর্ণ বলে ধরা হয়। তাই মাখন, মিছরি, পঞ্চামৃত বা অন্য যে কোনও ভোগ নিবেদন করার সময় অবশ্যই তুলসী পাতা যোগ করতে হবে। এছাড়াগোপালকে স্নান করানোর জন্য পরিষ্কার পাত্র ব্যবহার করা এবং দুধ, দই, ঘি, মধু ও গঙ্গাজল দিয়ে পঞ্চামৃত প্রস্তুত করারও প্রচলিত নিয়ম রয়েছে।
যাঁরা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন, তাঁরা পরদিন অর্থাৎ ৫ সেপ্টেম্বর সকালে সূর্যোদয়ের পর শাস্ত্রবিধি মেনে ব্রত ভঙ্গ করতে পারবেন।
ভক্তদের বিশ্বাস, নিয়মের পাশাপাশি আন্তরিক ভক্তিই শ্রীকৃষ্ণের আরাধনার মূল ভিত্তি। তাই সঠিক তিথি, শুভ সময় এবং পূজার বিধি মেনে জন্মাষ্টমী পালন করলে উৎসবের আনন্দ আরও পূর্ণতা পায়।







