কলকাতা

তিন সপ্তাহের বিদেশ সফরে অভিষেককে সুপ্রিম ‘গ্রিন সিগন্যাল’, তদন্তকারী সংস্থাকে দিতে হবে সফরের খুঁটিনাটি

কলকাতা হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট, ফের কলকাতা হাই কোর্ট হয়ে আবার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে মিলল স্বস্তি। চোখের চিকিৎসার জন্য তিন সপ্তাহের বিদেশ সফরে এবার অনুমতি দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। তবে বিদেশ সফর সংক্রান্ত বেশ কিছু তথ্য তদন্তকারী সংস্থাকে জানাতে হবে তাঁকে।

আদালতের নির্দেশ অনুযায়ী, কোথায় এবং কবে যাচ্ছেন, কবে দেশে ফিরবেন, কোন বিমানে যাতায়াত করবেন, বিদেশে কোথায় থাকবেন এবং কোথায় চিকিৎসা করাবেন—এই সমস্ত তথ্য তদন্তকারী সংস্থার কাছে জমা দিতে হবে অভিষেককে। তবে তদন্তের স্বার্থে দেওয়া এই তথ্য গোপন রাখতে হবে তদন্তকারী সংস্থাকে।

শুনানিতে অভিষেকের আইনজীবীর তরফে জানানো হয়, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়া তাঁর কাছে অন্য কোনও পাসপোর্ট নেই।

শুনানিতে কী বলল দুই পক্ষ?

সোমবার শুনানিতে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট ১৬টি মামলা রয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হলে তিনি আর দেশে ফিরে নাও আসতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, এই যুক্তির বিরোধিতা করেন অভিষেকের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। তাঁর বক্তব্য, অভিষেক একজন সাংসদ এবং তাঁর কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে। পাশাপাশি তিনি একটি সর্বভারতীয় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক। তাঁর স্ত্রী ও দুই সন্তানও রয়েছেন। তাই বিদেশে গেলে তিনি আর দেশে ফিরবেন না—এমন আশঙ্কার কোনও বাস্তব ভিত্তি নেই বলেই দাবি করেন আইনজীবী।

কী পর্যবেক্ষণ বিচারপতিদের?

দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, কোথায় চিকিৎসা করাবেন, তা বেছে নেওয়ার পূর্ণ অধিকার একজন ব্যক্তির রয়েছে। একইসঙ্গে বিদেশে যাওয়ার অধিকারও তাঁর রয়েছে বলে পর্যবেক্ষণ করেন তিনি।

এরপর প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেয়, তিন সপ্তাহের বিদেশ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথে কোনও বাধা দেওয়া যাবে না।

তবে তাঁকে হলফনামা দিয়ে জানাতে হবে, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়া তাঁর কাছে আর কোনও পাসপোর্ট নেই। বিদেশ সফর এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য তদন্তকারী সংস্থাকে দিতে হবে। আদালত আরও স্পষ্ট করে দিয়েছে, সাংসদের দেওয়া সেই সমস্ত তথ্য তদন্তকারী সংস্থাকে গোপন রাখতে হবে।

কীভাবে শুরু হয়েছিল মামলা?

চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে প্রথমে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

গত ২০ জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ প্রশ্ন তুলেছিল, কলকাতায় চোখের চিকিৎসা সম্ভব নয় কি না। আদালতের বক্তব্য ছিল, স্থানীয় হাসপাতালে চিকিৎসার সুযোগ না থাকলে তবেই বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। পাশাপাশি অভিষেক SSKM হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন কি না, সেই প্রশ্নও ওঠে।

হাই কোর্টের নির্দেশ ছিল, কলকাতার চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড তৈরি করা হোক। সেই বোর্ড যদি মনে করে চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন, তবেই অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে।

প্রথমবার সুপ্রিম কোর্টে

একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। তাঁর আইনজীবী আদালতে জানান, ডিজে মামলায় হাই কোর্টের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করেছেন অভিষেক। এমনকি কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। তারপরও তাঁকে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি দেওয়া হচ্ছে না।

তবে সেই সময় প্রধান বিচারপতির বেঞ্চ মামলাটি সরাসরি বিবেচনা না করে ফের কলকাতা হাই কোর্টে পাঠিয়ে দেয়।

ফের হাই কোর্টের দ্বারস্থ

এরপর ফের কলকাতা হাই কোর্টে মামলাটি ওঠে। বিচারপতি সৌগত ভট্টাচার্য উল্লেখ করেন, সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতিও দেশের মধ্যেই চিকিৎসা করান। সেই প্রসঙ্গ তুলে অভিষেককে SSKM হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়।

বিচারপতি বলেন, কোনও নাগরিক নিজের পছন্দ অনুযায়ী যে কোনও জায়গায় চিকিৎসা করাতে পারেন। তবে অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে কয়েকটি মামলা বিচারাধীন এবং তদন্তও চলছে। সেই কারণেই আদালত SSKM-এর মতামত জানতে চেয়েছিল।

অভিষেকের আইনজীবী রেবেকা জন অবশ্য আদালতে জানিয়েছিলেন, সাংসদ SSKM হাসপাতালে চিকিৎসা করাতে ইচ্ছুক নন।

এরপর ফের সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে সেই মামলার শুনানি হয়। শেষ পর্যন্ত নির্দিষ্ট শর্তসাপেক্ষে তিন সপ্তাহের বিদেশ সফরের অনুমতি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.