কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকাই বর্তমানে অপরিচ্ছন্নতার অভিযোগে জর্জরিত। কোথাও পড়ে রয়েছে প্লাস্টিক, কোথাও জমে রয়েছে আবর্জনা। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ‘স্বচ্ছ বাংলা’ গড়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাস্তাঘাটের নোংরা-আবর্জনা পরিষ্কারের জন্য নতুন অ্যাপ আনার উদ্যোগও নিয়েছে সরকার। এরই মধ্যে ধর্মতলার পরিচ্ছন্নতা নিয়ে এবার কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার থেকেই ধর্মতলা পরিষ্কারের কাজে কাউন্সিলরদের নামার নির্দেশ দিয়েছেন তিনি।
শমীক বলেন, “ধর্মতলা থেকে সরে যান। ওটা কলকাতার বুক। আমাদের দু’জন কাউন্সিলর আছেন, একজন বিধায়ক আছেন। আমি তাঁদের দায়িত্ব দিচ্ছি, ধর্মতলা আগে পরিষ্কার করুন। তারপর তো বোঝা যাবে নতুন সরকার এখানে এসেছে। এর জন্য কোনও নির্দেশের প্রয়োজন নেই। এটা দলের অবস্থান, দলের ঘোষিত অবস্থান।”
বেআইনি জবরদখল নিয়েও আগেই কড়া অবস্থান জানিয়েছে রাজ্য সরকার। সরকারি রাস্তা ও জায়গা দখল করে বসে থাকা একাধিক হকারকেও সরানো হয়েছে। এই পরিস্থিতিতে এবার ধর্মতলা নিয়েও সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি।
শমীকের বক্তব্য, ধর্মতলার বর্তমান পরিস্থিতিতে বহু পুরনো দোকানের সামনের ফুটপাতও দখল হয়ে রয়েছে। তাঁর অভিযোগ, শতাব্দীপ্রাচীন দোকানগুলির সামনে প্লাস্টিক লাগিয়ে ফুটপাত কার্যত আটকে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে যে ব্যবসায়ীরা সরকারকে কর দিয়ে আসছেন, তাঁদের স্বার্থ ও অধিকার রক্ষা করার দায়িত্বও কাউন্সিলরদের নিতে হবে বলে জানান তিনি।
শমীক বলেন, “কলকাতার বুক, কলকাতার মুখ পরিষ্কার করে দিন, ফাঁকা করে দিন। আজ প্রতিজ্ঞা নিন, এই কাজ কাল থেকেই করতে হবে।”
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও হকার উচ্ছেদ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, সব জায়গা থেকে হকারদের সরিয়ে দেওয়ার পক্ষে তিনি নন। তবে নির্দিষ্ট কিছু এলাকায় পরিস্থিতির প্রয়োজনে হকার সরাতেই হয়। উদাহরণ হিসেবে গড়িয়াহাটের কথা তুলে ধরে তাঁর দাবি, বাম আমলে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলেও পরে তাঁরা ফের রাস্তায় বসেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
শমীকের প্রশ্ন, যে সমস্ত দোকান বহু বছর ধরে ব্যবসা করছে, সরকারকে নিয়মিত কর দিচ্ছে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছে, সেই দোকানগুলির সামনে ফুটপাত দখল করে তাদের ব্যবসার পথ বন্ধ করে দেওয়া হলে তাঁদের অধিকার রক্ষা করবে কে? ধর্মতলার ক্ষেত্রে সেই দায়িত্বই এবার কাউন্সিলরদের নিতে হবে বলে স্পষ্ট করেছেন তিনি।







