বিদেশ

ন’দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক, নেপালে হড়পা বানের ধ্বংসস্তূপে নতুন আশার আলো

ধ্বংসস্তূপ, কাদা আর অন্ধকার পেরিয়ে অবশেষে মিলল আশার খবর। নেপালের ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের বন্ধ সুড়ঙ্গ থেকে টানা ন’দিন পর জীবিত উদ্ধার করা হল দুই শ্রমিককে। গত ২৬ অগস্ট ভোটেকোশী ও ত্রিশূলী নদীতে ভয়াবহ হড়পা বান নেমে নেপালের ছ’টি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ৯০০-রও বেশি শ্রমিক আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে রাসুয়া জেলার ত্রিশূলী প্রকল্প থেকেই নিখোঁজ ছিলেন ৪০ জন।

শুক্রবার সকালে প্রবল কাদা ও ধসে বন্ধ হয়ে থাকা সুড়ঙ্গের মুখ খুলে সেনাবাহিনী উদ্ধার করে সঞ্জয় শাহ এবং কবীর মহারাজনকে। সঞ্জয় ওই প্রকল্পে মেকানিক্যাল ফোরম্যান এবং কবীর মেকানিক্যাল সুপারভাইজ়র হিসেবে কর্মরত। উদ্ধার করার পর দু’জনকেই জরুরি অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। স্বামীকে ফিরে পেয়ে কবীরের স্ত্রী এই ঘটনাকে ‘দ্বিতীয় জন্ম’ বলে উল্লেখ করে নেপালি সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। সফল উদ্ধার অভিযানের খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা রাম নেউপানে।

প্রাকৃতিক বিপর্যয়ের জেরে উদ্ধার অভিযান বারবার বাধার মুখে পড়লেও ত্রিশূলীর সুড়ঙ্গে আটকে থাকা আরও শ্রমিকদের জীবিত উদ্ধারের আশা এখনও ছাড়ছেন না উদ্ধারকারীরা। সুড়ঙ্গের গভীরে এখনও কয়েকজন শ্রমিকের গলার আওয়াজ এবং অস্পষ্ট আর্তনাদ শোনা যাচ্ছে বলে জানা গিয়েছে। ফলে তাঁদেরও জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হতে পারে বলে আশাবাদী উদ্ধারকারী দলের সদস্যরা।

তবে বিপর্যয়ের সময় সেনাবাহিনীর বেশ কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি ভেসে যাওয়ায় উদ্ধারকাজ চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। সীমিত এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জাম ব্যবহার করেই সুড়ঙ্গের ভিতর জমে থাকা কাদা ও ধ্বংসাবশেষ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে সেনা।

অন্যদিকে, রাসুয়া জেলার লাংটাং খোলা জলবিদ্যুৎ প্রকল্পে পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে সুড়ঙ্গের ভিতরে প্রায় ১৫০ মিটার পর্যন্ত ঢুকে যৌথ বাহিনী দুই শ্রমিকের দেহ উদ্ধার করেছে। ওই প্রকল্পে মোট ৪১ জন শ্রমিক কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে আরও বেশ কয়েকজন এখনও সুড়ঙ্গের ভিতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ২৬ অগস্টের ভয়াবহ হড়পা বানের পর শুক্রবার সকাল পর্যন্ত নেপালজুড়ে মোট ১২৫৯টি দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এখনও বহু ভারতীয় পর্যটক-সহ অন্তত ৫০৫৩ জন নিখোঁজ রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.