অবশেষে স্থায়ী প্রধান বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট। দেশের আটটি হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় সম্প্রতি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় রয়েছে কলকাতা হাইকোর্টও। এতদিন এই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। এবার তাঁর জায়গায় কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে।
বর্তমানে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে রয়েছেন বিচারপতি ঘুগে। চলতি বছরের জুন মাসে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার পরই ওই পদে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পান রবীন্দ্র ঘুগে। এরপর গত ৬ অগস্ট সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করে। শনিবার সেই সুপারিশে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার।
১৯৯০ সালে ঔরঙ্গাবাদের এমপি ল কলেজ থেকে আইনের পড়াশোনা শেষ করেন রবীন্দ্র ভি ঘুগে। একই বছর আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন তিনি। দীর্ঘ সময় আইনজীবী হিসেবে কাজ করার পর ২০১৩ সালে বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। এরপর ২০২৬ সালের জুনে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান তিনি। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাঁর নিয়োগে অনুমোদন দিল কেন্দ্র।
কলকাতা হাইকোর্টের পাশাপাশি দেশের আরও সাতটি হাইকোর্টেও নতুন প্রধান বিচারপতি নিয়োগের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের কয়েক দিনের মধ্যেই এই নিয়োগগুলিতে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন।
দিল্লি হাইকোর্টের বিচারপতি ভাল্লুরি কামেশ্বর রাওকে পটনা হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে। ছত্তীসগঢ় হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কুমার আগরওয়াল দায়িত্ব পেয়েছেন রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে।
এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠিকে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মাকে ঘিরে সুপ্রিম কোর্টের বিচারপতি সন্দীপ মেহতার গুরুতর অভিযোগের জেরে বিতর্কের মধ্যেই ওই হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হল। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি অশ্বিনী কুমার মিশ্রকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে।
এছাড়া ওড়িশা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাম মহাপাত্রকে ছত্তীসগঢ় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গুজরাট হাইকোর্টের বিচারপতি অল্পেশ যশবন্ত কোগজে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন। রাজস্থান হাইকোর্টের বিচারপতি পুষ্পেন্দ্র সিং ভাটিকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে।







