পুরুলিয়া: প্রতিবন্ধী কিশোরীর উপর যৌন নির্যাতন এবং সেই ঘটনার ভিডিও করে হুমকি দেওয়ার অভিযোগে দুই অভিযুক্তকে সাজা দিল আদালত। মামলায় সহদেব মুখার্জিকে ২০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং হারাধন মুখার্জিকে ১০ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্যাতিতার জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনাটি ২০২৩ সালের ১১ নভেম্বর। দুপুরে বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল বছর পনেরোর এক প্রতিবন্ধী কিশোরী। অভিযোগ, আড়শা থানার সিরিডিহ জঙ্গলের কাছে তার পথ আটকায় সহদেব মুখার্জি ও হারাধন মুখার্জি। এরপর তাকে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে সহদেব তার উপর যৌন নির্যাতন চালায় এবং হারাধন গোটা ঘটনার ভিডিও করে বলে অভিযোগ।
অভিযোগ, ঘটনার পর ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কিশোরীকে চুপ থাকতে বাধ্য করা হয়। আতঙ্কে সে বিষয়টি কাউকে জানাতে পারেনি। পরবর্তীতে দুই অভিযুক্তের মধ্যে মতবিরোধের জেরে ভিডিওটি তাদের পরিচিতদের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি পরিবারের নজরে আসে।
২০২৪ সালের ২ ফেব্রুয়ারি কিশোরীর বাবা আড়শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা রুজুর পর তদন্তের দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর নিখিল প্রতাপ সিং। তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ সংগ্রহের পর প্রায় দুই মাসের মধ্যেই আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।
মামলার শুনানি শেষে আদালত দুই অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। একইসঙ্গে নির্যাতিত কিশোরীর পুনর্বাসন ও সহায়তার জন্য �৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে।







