রাজ্য

দুর্গাপুজো-কালীপুজোয় ‘নারী শক্তি সম্মান’, সমাজের নেপথ্যে থাকা মহিলাদের পাশে রাজ্য বিজেপি

দুর্গাপুজো ও কালীপুজোর উৎসবের আবহকে সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখা মহিলাদের সম্মানিত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করল রাজ্য বিজেপি। উৎসবের মরশুমে রাজ্যজুড়ে আয়োজন করা হবে ‘নারী শক্তি সম্মান’। ইতিমধ্যেই এই কর্মসূচি নিয়ে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সমস্ত জেলার সংগঠনকে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে।

দলের নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই সম্মানের জন্য কোনও নামী সেলিব্রিটি বা প্রভাবশালী ব্যক্তিত্বকে নয়, বরং সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা সাধারণ মহিলাদের অগ্রাধিকার দিতে হবে। পিছিয়ে পড়া পরিবারের মহিলা, ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত নারী, মেধাবী ও কৃতী ছাত্রী কিংবা আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা এমন মহিলারা, যাঁদের স্বীকৃতি বা সহায়তার প্রয়োজন রয়েছে, তাঁদেরই মূলত বেছে নেওয়ার কথা বলা হয়েছে।

এই সম্মানের জন্য ইচ্ছুক মহিলারা স্থানীয় পুজো কমিটির কাছে আবেদন করতে পারবেন। পরে সেই আবেদনগুলি স্থানীয় স্তরে বিজেপি নেতৃত্বের তরফে যাচাই করে উপযুক্ত প্রাপকদের চূড়ান্ত করা হবে।

কর্মসূচি প্রসঙ্গে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বিজেপি বরাবরই মাতৃশক্তির সম্মান, সুরক্ষা ও ক্ষমতায়নে বিশ্বাসী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ-সহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে নারীশক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ভারতীয় সমাজে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত বলেও জানান।

বিজেপির এই কর্মসূচি উৎসবের দিনগুলিতে বুথ ও অঞ্চল স্তরে মহিলাদের সম্মান জানানোর পাশাপাশি সংগঠনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও বাড়াতে সাহায্য করবে বলে দলীয় মহলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.