বিনোদন

মেকআপই কাল হল! চোখে অসহ্য যন্ত্রণা শ্বেতার, অস্ত্রোপচারের পরামর্শ চিকিৎসকের

পর্দায় হাসিমুখে দর্শকদের মন জয় করেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। কিন্তু আচমকাই তাঁর জীবনে নেমে এসেছে অস্বস্তিকর এক বিপত্তি। চোখের তীব্র যন্ত্রণায় কার্যত কাবু অভিনেত্রী। বাঁ চোখ ফুলে গিয়েছে, চোখ মেলতেও হচ্ছে সমস্যা। আর এর নেপথ্যে যে কারণ, তা জানলে অবাক হতে পারেন আপনিও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে নিজের শারীরিক সমস্যার কথা জানিয়েছেন শ্বেতা। ভিডিয়োয় তাঁর বাঁ চোখের ফোলাভাব স্পষ্ট। অভিনেত্রীর দাবি, চোখের ভিতরে মেকআপ ঢুকে যাওয়ার পর থেকেই সমস্যার সূত্রপাত।

প্রথমে অনেকেই ভেবেছিলেন, হয়তো সাধারণ আঞ্জনি হয়েছে। কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার পর পরিস্থিতি অন্যরকম বলে জানতে পারেন অভিনেত্রী। চিকিৎসকের মতে, চোখের ভিতরে ঢুকে যাওয়া মেকআপ জমে শক্ত হয়ে গিয়েছে। সেখান থেকেই তৈরি হয়েছে সিস্ট।

অস্ত্রোপচারের কথা শুনেই ভয়

শ্বেতার ক্ষেত্রে সিস্টটি বেশ যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি। চিকিৎসক সেটি বাদ দেওয়ার জন্য অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু অপারেশনের কথা শুনেই ভয় পেয়ে গিয়েছেন অভিনেত্রী।

তাই সোশ্যাল মিডিয়াতেই অনুরাগীদের কাছে সাহায্য চেয়েছেন শ্বেতা। অস্ত্রোপচার ছাড়াই ওষুধের মাধ্যমে এই সমস্যা সারানোর কোনও উপায় রয়েছে কি না, সেই বিষয়ে পরামর্শ চেয়েছেন তিনি। তাঁর পোস্টের পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরাও। কেউ চিকিৎসকের খোঁজ দিয়েছেন, কেউ আবার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

ফের পর্দায় দেখা যাবে শ্বেতাকে

কাজের দিক থেকে বর্তমানে সাময়িক বিরতিতে রয়েছেন শ্বেতা। ‘যমুনা ঢাকি’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘কোন গোপনে মন ভেসেছে’-এর মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। বড় পর্দাতেও দেবের সঙ্গে ‘প্রজাপতি’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

‘কোন গোপনে মন ভেসেছে’-এর কাজ শেষ হওয়ার পর আপাতত বিরতিতে থাকলেও খুব শীঘ্রই ফের টেলিভিশনে দেখা যাবে তাঁকে। মহালয়ার ভোরে দেবী দুর্গার বিশেষ রূপে পর্দায় হাজির হওয়ার কথা রয়েছে অভিনেত্রীর।

তবে তার আগে চোখের এই সমস্যা নিয়েই চিন্তায় শ্বেতা। এখন অনুরাগীদের পরামর্শে অস্ত্রোপচার ছাড়াই সমস্যার সমাধান হয় কি না, সেদিকেই নজর তাঁর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.