রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়াকে কেন্দ্র করে আইনি জটিলতায় অভিনেতা ইমরান খান। আমির খানের ভাগ্নে তথা বলিউড অভিনেতা ইমরানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিস দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। মুম্বইয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার পরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কোন আইনি বিধানের ভিত্তিতে তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তা নিশ্চিতভাবে জানা জরুরি।
ঘটনার সূত্রপাত গত ১০ অক্টোবর। মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচিতে অংশ নেন ইমরান খান। অভিযোগ, পুলিশের অনুমতি ছাড়াই এই জমায়েতের আয়োজন করা হয়েছিল। বিক্ষোভ চলাকালীন প্রায় ৪০০ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং তুতো বোন জেন মেরি খানের নামও ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
পরের দিন, অর্থাৎ ১১ অক্টোবর, থানা থেকে ছাড়া পাওয়ার পর বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মুম্বইয়ের গাঁওদেবী থানায় এফআইআর দায়ের করা হয় বলে জানা গিয়েছে। সরকারি নির্দেশ অমান্য, বেআইনি জমায়েত এবং বাধা সৃষ্টির মতো অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা প্রয়োগের কথা বলা হয়েছে।







