দীর্ঘ আট বছর একসঙ্গে পথচলা, দুই সন্তানের জন্ম— অবশেষে সেই সম্পর্ককেই আইনি স্বীকৃতি দিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। ৫৩ বছর বয়সে মডেল ও দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে বিয়ে করলেন অভিনেতা। তবে কোনও রাজকীয় আয়োজন বা তারকাখচিত অনুষ্ঠানের বদলে একেবারে সাদামাঠা ভাবেই রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন তাঁরা।
২০১৮ সাল থেকে দক্ষিণ আফ্রিকার মডেল গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে রয়েছেন অর্জুন। ইতিমধ্যেই তাঁদের দুই সন্তানও রয়েছে। ২০১৯ সালে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান অরিকের। এরপর ২০২৩ সালে পরিবারে আসে ছোট ছেলে অরব। কিছুদিন আগেই এক পডকাস্টে নিজেদের বাগ্দানের খবরও প্রকাশ্যে এনেছিলেন অর্জুন ও গ্যাব্রিয়েলা।
শুক্রবার বিকেল প্রায় চারটে নাগাদ গোয়ার পানাজির কাছের একটি রেজিস্ট্রি অফিসে পৌঁছন তাঁরা। বিয়ের জন্য কোনও বিশেষ সাজ বা জাঁকজমকপূর্ণ পোশাক বেছে নেননি দু’জনেই। সাদা ক্যাজুয়াল পোশাকেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতেও ধরা পড়ে তাঁদের সেই অনাড়ম্বর মুহূর্ত। নবদম্পতিকে হাসিমুখে একসঙ্গে পোজ দিতে দেখা যায়।
এর আগে ১৯৯৮ সালে সুপারমডেল মেহর জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অর্জুন রামপাল। সেই সম্পর্কে তাঁর দুই কন্যা— মাহিকা ও মায়রা। পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ হলেও প্রাক্তন স্ত্রী মেহরের সঙ্গে অর্জুনের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ বলেই জানা যায়। বর্তমানে চার সন্তানকে ঘিরেই অভিনেতার পারিবারিক জীবন।







