খেলাধুলা

মুম্বই ছেড়ে পাঞ্জাবে হার্দিক! অর্শদীপকে নিয়ে বড় চমক দিতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএলের মিনি নিলামের আগে দলবদলের বড়সড় চমক দিতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। বেশ কিছুদিন ধরেই হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনায় ইতি পড়তে চলেছে। মুম্বই ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিতে পারেন এই তারকা অলরাউন্ডার। অন্যদিকে, হার্দিকের পরিবর্তে পাঞ্জাব থেকে মুম্বইয়ে আসছেন অর্শদীপ সিং। দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে এই ট্রেড চূড়ান্ত হয়েছে বলেই খবর।

আইপিএলের একটি সূত্রের দাবি, পাঞ্জাব কিংসে যোগ দিতে সম্মতি জানিয়েছেন হার্দিক। এমনকি শ্রেয়স আইয়ারের নেতৃত্বে খেলতেও তাঁর আপত্তি নেই। সূত্রের খবর, অধিনায়ক ও কোচের পরিকল্পনা মেনেই অর্শদীপের পরিবর্তে হার্দিককে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব। দীর্ঘদিন ধরেই পাঞ্জাবের বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য অর্শদীপ। তবে তাঁকে ছেড়ে দেওয়ার পিছনে ভবিষ্যতের দল গঠনের পরিকল্পনাই কাজ করছে বলে মনে করা হচ্ছে।

এই অদলবদলের ফলে মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিকের দ্বিতীয় অধ্যায় শেষ হতে চলেছে। ২০২৪ সালে রোহিত শর্মার পরিবর্তে তাঁকে অধিনায়কের দায়িত্ব দিয়েছিল মুম্বই। সেই সিদ্ধান্ত ঘিরে কম বিতর্ক হয়নি। সমর্থকদের একাংশের প্রবল সমালোচনার মুখেও পড়তে হয়েছিল ফ্র্যাঞ্চাইজিকে।

হার্দিককে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল একাধিক দল। সেই তালিকায় কলকাতা নাইট রাইডার্সের নামও উঠে এসেছিল। তবে শেষ পর্যন্ত বাজিমাত করতে চলেছে পাঞ্জাব কিংস। অন্যদিকে, সূর্যকুমার যাদব মুম্বইয়েই থাকছেন। ডেথ ওভারে জসপ্রীত বুমরার পাশে একজন নির্ভরযোগ্য বোলারকে চেয়েছিল মুম্বই। সেই প্রয়োজন অর্শদীপ অনেকটাই পূরণ করতে পারেন বলে মনে করা হচ্ছে।

এর আগে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন হার্দিক। পাঞ্জাবে যোগ দিলে আইপিএলে এটি হবে তাঁর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি। তবে তাঁকে নিয়ে কিছুটা উদ্বেগও রয়েছে। দীর্ঘদিন ধরেই চোটের সমস্যায় ভুগছেন এই অলরাউন্ডার। জাতীয় দলের হয়েও বেশ কিছুদিন মাঠের বাইরে রয়েছেন তিনি। ফলে পাঞ্জাবের জার্সিতে কবে তাঁকে দেখা যাবে, তা নিয়ে সংশয়ে সমর্থকদের একাংশ। আদৌ আসন্ন মরশুমে নিয়মিত খেলতে পারবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.