ফোনে আড়ি পাতা হচ্ছে! এমনই বিস্ফোরক অভিযোগ তুলে ফের রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু অভিযোগ করেই থেমে থাকেননি তিনি। এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্য মঞ্চে বিতর্কের চ্যালেঞ্জও জানিয়েছেন কংগ্রেস নেতা। রাহুলের দাবি ঘিরে নতুন করে সরগরম জাতীয় রাজনীতি। পাল্টা তাঁকে কটাক্ষ করেছে বিজেপি।
শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে রাহুল গান্ধী দাবি করেন, তাঁর ফোনে নজরদারি চালানো হচ্ছে বলে প্রধানমন্ত্রীও জানেন। এই বিষয়টি নিয়ে মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে বসতে চান তিনি। রাহুলের বক্তব্য, মুখোমুখি বিতর্ক হলে দেশের মানুষই বুঝতে পারবেন কারা বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত এবং কারা দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। তাঁর মতে, খোলা মঞ্চে আলোচনা হলেই এই বিতর্কের সত্যতা সামনে আসবে।
**নজরদারির অভিযোগ নতুন নয়**
তবে ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর কাছে নতুন নয়। ২০২৩ সালেও ইজরায়েলি সংস্থা এনএসও-র তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে তাঁর উপর নজরদারি চালানোর অভিযোগ তুলেছিলেন তিনি। এবার ফের একই ধরনের আশঙ্কা প্রকাশ করলেন কংগ্রেস নেতা।
রাহুলের অভিযোগের প্রসঙ্গে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে মোবাইল ফোন এবং আধুনিক প্রযুক্তির উপর পুরোপুরি ভরসা করা কঠিন। প্রযুক্তির অপব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
**পাল্টা কটাক্ষ বিজেপির**
এদিকে রাহুল গান্ধীর অভিযোগকে ঘিরে বিজেপির তরফে পাল্টা আক্রমণ করা হয়েছে। কেরলের বিজেপি প্রধান রাজীব চন্দ্রশেখর কটাক্ষ করে বলেন, রাহুল গান্ধীর উচিত একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া। তাঁর এই মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।
সব মিলিয়ে ফোনে নজরদারির অভিযোগ, মোদিকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ এবং বিজেপির পাল্টা আক্রমণ—সব মিলিয়ে নতুন করে উত্তপ্ত জাতীয় রাজনীতির ময়দান।







