গুজরাটের আহমেদাবাদে ফের বেপরোয়া গতির বলি হলেন এক যুবক। বুধবার শহরের শিলাজ সার্কেলের কাছে একটি দ্রুতগতির বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি সজোরে ধাক্কা মারে একটি র্যাপিডো মোটরসাইকেলে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই গাড়ি নিয়ে চম্পট দেন অভিযুক্ত চালক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজ এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে বোপাল থানার পুলিশ অভিযুক্ত চালককে শনাক্ত করে গ্রেপ্তার করে। ধৃতের নাম রাঘবেন্দ্র কুশওয়াহা। তদন্তে উঠে আসে, তিনি বাপুনগরের বিজেপি বিধায়ক দীনেশসিনহ কুশওয়াহার ভাইপো।
পুলিশ ঘাতক রেঞ্জ রোভার গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তবে, গ্রেপ্তার করার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত রাঘবেন্দ্র কুশওয়াহা থানা থেকেই জামিন পেয়ে যান।
একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার আত্মীয়ের বিরুদ্ধে এমন গুরুতর ‘হিট-অ্যান্ড-রান’ অভিযোগ ওঠা এবং দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া সত্ত্বেও থানা থেকে দ্রুত জামিন পাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শহরে বিলাসবহুল গাড়ির বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।







