একদিকে কলেজ কাউন্সিলের বৈঠক, অন্যদিকে দফায় দফায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ। তার মধ্যেই প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে এবিভিপির সংঘাত। সবমিলিয়ে বুধবার দীর্ঘক্ষণ ঘেরাও হয়ে থাকতে হল কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে। দিনভর এই অশান্ত পরিস্থিতি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘‘প্রতিবাদের নামে ঘেরাও কখনও গ্রহণযোগ্য হতে পারে না। সংশ্লিষ্টদের লিখিতভাবে জবাব দেওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে।’’
বুধবার সকাল থেকেই পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা মেডিক্যাল কলেজ। ঘটনার সূত্রপাত স্বাস্থ্যদপ্তরের জারি করা একটি শো-কজ নোটিসকে কেন্দ্র করে। দুর্গাপুজোর সপ্তমীর দিন ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছিল। মৃতদের কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। সেই সময় হাসপাতালের একাংশ জুনিয়র চিকিৎসক সাংবাদিক বৈঠক করে পরিকাঠামোগত দুর্বলতার বিষয়টি সামনে আনেন। তাঁদের অভিযোগ ছিল, শতাব্দীপ্রাচীন এই হাসপাতালে বড় কোনও দুর্ঘটনা ঘটলে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো নেই।
এরপরই কর্তব্যরত অবস্থায় সংবাদমাধ্যমের সামনে এ ধরনের মন্তব্য করাকে শৃঙ্খলাভঙ্গ বলে উল্লেখ করে স্বাস্থ্যদপ্তর। এই অভিযোগে মঙ্গলবার আটজন জুনিয়র চিকিৎসককে শো-কজের নোটিস পাঠানো হয়। তার প্রতিবাদেই বুধবার সকাল থেকে আন্দোলনে নামেন কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা।
বিক্ষোভকারীদের প্রশ্ন, ঠিক কোন অভিযোগের ভিত্তিতে তাঁদের সহপাঠীদের শো-কজ করা হয়েছে, তা স্পষ্ট করতে হবে। পাশাপাশি যে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আটজন চিকিৎসককে নোটিস পাঠানো হয়েছে, সেই কমিটির রিপোর্টও প্রকাশ করার দাবি জানান তাঁরা।
এই পরিস্থিতিতে কলেজ কাউন্সিলের বৈঠকে বসেন কর্তৃপক্ষ। তবে তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বুধবার রাতে ফের সাংবাদিক বৈঠক করেন আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা। তাঁদের দাবি, কলেজের সুপার জানিয়েছেন, শুধুমাত্র স্বাস্থ্যভবনের নির্দেশেই আটজনকে শো-কজ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের মুখে পড়েই এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন তাঁরা।
অন্যদিকে, অধ্যক্ষের ঘরের বাইরে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যান পড়ুয়ারা। গোটা ঘটনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্য, অধ্যক্ষ প্রয়োজন মনে করেছেন বলেই ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন। তাঁর দাবি, জাতীয় মেডিক্যাল কমিশন (এনএমসি)-র নির্দেশিকা মেনেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে শো-কজের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ঘিরে কলকাতা মেডিক্যাল কলেজে বুধবার দিনভর উত্তেজনা অব্যাহত থাকে।







