জগদ্ধাত্রী পুজোর পরেই মায়ের আগমন হয় ভিন্ন রূপে। প্রতিবছরের মত রাসপূর্ণিমার পরের শুক্রবার পূজিত হন মা বোল্লা কালী রূপে। রাসপূর্ণিমার পরের শুক্রবার অর্থাত্ উত্তরবঙ্গের প্রাচীন ও বিখ্যাত বোল্লা রক্ষাকালীর পুজো। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের এই পুজোকে ঘিরে উদ্দীপনা থাকে চরমে। এই কালী পুজোকে ঘিরে নজরকাড়া মেলা বসে।
গতানুগতিকভাবে, রাসের সময় দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত বোল্লা কালীর পুজোয় ১০ হাজার পাঁঠাবলি হয়ে আসছে, এবারও তার অন্যথা হবে না। এই পাঁঠাবলি নিষিদ্ধ করার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মামলাকারীর আইনজীবী জানান, লাইসেন্স ছাড়া যেখানে সেখানে পশুবলি হতে পারে না। রাজ্যের উচিত এটা বন্ধ করা। পশুদের উপর হিংসা বন্ধ করা উচিত। কিন্তু পাঁঠা বলির ওপর হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, এই সব উত্সবের অন্য ধরনের মেজাজ থাকে।
এর সঙ্গে জড়িত অনেকের বিশ্বাস। অনেক রাজ্যে মোরগ লড়াই হয়। জাল্লিকাট্টুর মতো খেলা আদালত বন্ধ করে দেয়নি। তাই পাঁঠা বলির ওপরও কোনও হস্তক্ষেপ করল না আদালত।







