লোকসভা নির্বাচনের পূর্বে তৃণমূলের অন্দরে ফের বিতর্ক শুরু ‘এক ব্যক্তি এক পদ’ নিয়ে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, ‘তৃণমূলই একমাত্র দল, যারা এক ব্যক্তি এক পদ চালুর চেষ্টা করছে।’
প্রসঙ্গত উল্লেখ্য, একুশে দায়িত্ব গ্রহণের পর অভিষেকের প্রথম ঘোষণা ছিল ‘এক ব্যক্তি এক পদ’। পাশাপাশি, যুব শক্তির নেতৃত্ব। ইতিমধ্যেই বেশকিছু ক্ষেত্রে এক ব্যক্তি এক পদ নীতি কার্যকরী হয়েছে। ২৩ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে সাংগঠনিক বৈঠকে স্বয়ং মুখ্যমন্ত্রীও এক ব্যক্তি এক পদের কথা কৌশলে প্রকাশ্যে বলেছিলেন আবারও।
এর প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের উবাচ, ‘যিনি পারেন তিনি পারেন। অনেকের ক্ষমতা আছে। ১০ রকম কাজের লোড একা তুলে নিতে পারে। কাজের লোক কিন্তু খুব কম পাওয়া যায়। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এঁদের হাতে অনেকগুলো দফতর থাকতেই হয়। এটা স্বাভাবিক ব্যাপার। এমন অনেক পদ থাকে যে পদগুলো ইটসেলফ ফুল টাইম জবের। সেই কাজগুলোয় ঘাটতি থেকে যায় অন্য জায়গায় সময় দিতে গিয়ে।’







