বিজেপি সাংসদ লাল্লু সিং জানিয়েছেন,বুধবার অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘অযোধ্যাধাম জংশন’। এক্স-এ একটি পোস্টে বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশনায় নবনির্মিত গ্র্যান্ড অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী অযোধ্যা ধাম জংশন করা হয়েছে ।’
৩০ ডিসেম্বর অযোধ্যায় নির্মিত গ্র্যান্ড রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২২ শে জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের জন্য অযোধ্যায় করা প্রস্তুতিও তদারকি করবেন। জানা গেছে অযোধ্যার রেলওয়ে স্টেশনে থাকবে একটি লিফট, একটি পর্যটন তথ্য কেন্দ্র এবং থাকবে চিকিৎসার সুবিধা। জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব। এছাড়াও থাকছে সংস্কার করা প্ল্যাটফর্ম, নতুন সাইনবোর্ড, এস্কেলেটর, এবং দেয়ালে আঁকা ভগবান রামের চিত্র। একইসঙ্গে স্টেশনের সাজসজ্জায় যতটা আধুনিকতা থাকছে, ঠিক ততটাই থাকবে পৌরাণিকতাও। এটি বাইরে থেকে দেখতে বিশাল মন্দিরের মতো তবে ভিতরে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। ৩০ ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে প্রথম পর্যায়ে প্রস্তুত করা বিমানবন্দর এবং রেলস্টেশন। প্রশাসনের অনুমান ২২ জানুয়ারির পরে, প্রায় ৫০ থেকে ৫৫ হাজার শ্রদ্ধালু প্রতিদিন অযোধ্যায় আসতে পারে, এই প্রসঙ্গে চলছে যাবতীয় প্রস্তুতি।







