রাজ্য

গঙ্গাসাগরগামি সাধুদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১২ জন;

বৃহস্পতিবার রাতে কাশীপুর থানার গৌরাঙ্গডি গ্রামে গঙ্গাসাগরগামী সাধুসন্তদের উপর হামলার ঘটনায় ১২ জনকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ। জানা গেছে,ওই রাতে গঙ্গাসাগরের উদ্দেশ্যে আগত উত্তরপ্রদেশ থেকে ৩ সাধু,গাড়ির চালক এবং তাদের রাঁধুনির ওপর হামলা হয়। এবং খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে গিয়ে সাধুদের উদ্ধার করেন। শনিবার এই ঘটনায় অভিযুক্তদের রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর,ওই সাধুরা আসছিলেন উত্তরপ্রদেশের বেরিলি থেকে। পুরুলিয়ার কাশিপুর থানা এলাকার গৌরাঙ্গডি গ্রামে এসে পথ চিনতে না পেরে পথে গাড়ি থামিয়ে, তিন নাবালিকাকে দেখে তাদের জিজ্ঞাসা করে। কিন্তু তারা সাধুদের ভাষা বুঝতে না পারায় ঘাবড়ে গিয়ে নারী পাচারকারী সন্দেহে চিৎকার করে। এবং চিৎকার শুনে স্থানীয় লোকেরা এসে সাধুদের মারধর করে এবং তাদের গাড়ি ভাঙচুর করে। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাধুদের উদ্ধার করেন। এরপর সাধুদের থানায় নিয়ে আসা হয়।

থানায় বসে আহত মধুর স্বামী বলেন, ‘কী থেকে কী হয়ে গেল বুঝতেই পারছি না। আমরা উত্তরপ্রদেশের মানুষ। গঙ্গাসাগর যাচ্ছিলাম। রাস্তা জিজ্ঞেস করতেই আমাদের ঘিরে ফেলে গ্রামের মানুষ। ওরা কী বলছিল বুঝতে পারিনি। তবে আমরা হাত জোড় করে নিজেদের অসহায়তার কথা বোঝাতে চেয়েছি। ওরা তা বোঝেনি। পুলিশ এসে না পৌঁছলে ওরা আমাদের মেরেই ফেলত।’

এই ঘটনায় পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত বলেন, ‘পশ্চিমবঙ্গে সাধুরা আর নিরাপদ নন। এখানে এখন গুন্ডারাজ চলছে। গেরুয়া পোশাকে সাধুদের দেখলেই মারধর করছে তারা। কোনও কারণ ছাড়াই উত্তরপ্রদেশ থেকে আসা এই সাধুরা গণরোষের শিকার হলেন। তৃণমূলের গুন্ডারাই মানুষকে তাতিয়ে এমন পরিস্থিতি তৈরি করল।’ বিজেপির পক্ষ থেকেই দায়িত্ব নিয়ে ওই সাধুদের গঙ্গাসাগরে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.