রাস্তা খারাপের জন্য ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না অভিযোগ ছিল বাসিন্দাদের।
গত বছর দিদির দূত কর্মসূচি তে বাগদার কনিয়াড়া ১ গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া গ্রামে গিয়েছিলেন বাগদার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। গ্রামে গিয়ে বেহাল রাস্তা নিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় বিশ্বজিৎ দাস কে। সে সময় থেকে গ্রামবাসীদের অভিযোগ ছিল রাস্তার জন্য এলাকার ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। কয়েক দশক ধরে এই রাস্তা বেহাল থাকার কারণে নারকীয় যন্ত্রণায় ভুগছিলেন বাসিন্দারা। বিশ্বজিৎ বাবু সে সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা করে দেওয়ার। অবশেষে ছয় কিলোমিটার রাস্তা সংস্কার করার জন্য বরাদ্দ হল দু কোটি টাকা। আজ এই রাস্তার উদ্বোধন। যা নিয়ে খুশি গ্রামবাসীরা। বাসিন্দারা খবর সম্প্রচারের জন্য ধন্যবাদ জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।
বাসিন্দাদের বক্তব্য সংবাদমাধ্যম না থাকলে প্রশাসনের টনক নড়তো না। পাশাপাশি তারা ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক বিশ্বজিৎ দাস কেও।
এনিয়ে বিশ্বজিৎ বাবু বলেন, স্বাধীনতার পর থেকে রাস্তা বেহাল অবস্থায় ছিল। আমি নিজে গিয়ে রাস্তা টি দেখে এসেছি। মুখ্যমন্ত্রী কে জানানোর পর তিনি এই রাস্তার জন্য টাকা বরাদ্দ করেছেন।







