স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে পাপুয়া নিউগিনি কাঁপল বিশাল ভূমিকম্পে, রিখটার স্কেলে যার মাত্রা ৬.০।এই ভূমিকম্প আঘাত হানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির কিম্বে শহরের দক্ষিণ-পূর্বে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে,বৃহস্পতিবার গভীর রাতে পাপুয়া নিউগিনির কিম্বে শহরের প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
ইউএসজিএস সূত্রের খবর অনুযায়ী, কিম্বে শহরের বাইরে ওয়েস্ট নিউ ব্রিটেন অঞ্চলের গভীর রাত প্রায় ১টা ১৩ মিনিটে এটি আঘাত হানে। এই ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) ।
প্রসঙ্গত,পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের রেশ মাঝে মধ্যেই লেগে থাকে।এই দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত।টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণেই এই অঞ্চলে ভূমিকম্প বেশি হয়ে থাকে।







