নিখোঁজ তরুণীর হদিশ মিলল সুদূর কলকাতায়।গত বৃহস্পতিবার মোবাইল থেকে পরিবারকে একটি মেসেজ পাঠিয়ে উধাও বালুরঘাট কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। মোবাইল সহ তাঁর ব্যাগটি বালুর ঘাট শহরের আত্রেয়ীপাড়ের এক হনুমান মন্দিরের সামনে পাওয়া গিয়েছিলো। মেসেজে সেই তরুণী লেখে,“জীবন বিসর্জন দিয়ে দেবো” এই ঘটনায় তোলপাড় গোটা পাড়া।
সকলের ধারণা হয়েছিল, তরুণী বালুরঘাট আত্রেয়ী নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে। তবে কলকাতায় তাঁর খোঁজ মেলার পর থেকে ক্ষোভে ফুঁসছে গোটা পরিবার। বিরক্ত বালুরঘাট থানার পুলিশও। পুলিশের অনুমান, প্রেম ঘটিত কারণে নিজেই আত্মগোপন করেছে।এদিকে, ওই কলেজ ছাত্রী কীভাবে, কারসাথে “তিলোত্তমা” শহরে অর্থাৎ কলকাতায় আসলো তানিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর বয়স ২০ বছর। বাড়ি তপনে। মামার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বালুরঘাট এসেছিলেন। তার আগে মোবাইল নিয়ে দিদিমার সঙ্গে কিছু ঝামেলাও হয়েছিল। দিদিমার কাছে অ্যান্ড্রয়েড ফোন রেখে সাধারণ ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। ওই ফোন থেকেই বাড়িতে মেসেজ পাঠান তরুণী।







