নতুন দলে নতুন চ্যালেঞ্জ। তবে এবার নিজের পছন্দের ব্যাটিং অর্ডারে খেলতে মরিয়া শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসের নতুন অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, আইপিএল ২০২৫-এ তিন নম্বরে ব্যাট করাই তাঁর প্রধান লক্ষ্য। কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানোর পর এবার পাঞ্জাবের হয়ে নিজের সামর্থ্যের সেরাটা দিতে চান তিনি।
গত আইপিএলে মূলত চার নম্বরে ব্যাট করলেও দলের প্রয়োজনে পাঁচ কিংবা ছয় নম্বরেও খেলেছিলেন আইয়ার। তবে এবার তিনি নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “যদি আমাকে টি-টোয়েন্টিতে নিজেকে স্থির করতে হয়, তবে তা হবে তিন নম্বরেই। এটাই আমার মূল ফোকাস।”
শ্রেয়াসের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেছিল, যার মধ্যে ২০২০ সালে ফাইনালেও উঠেছিল দল। সেই স্মৃতি উসকে পাঞ্জাব কিংসের নতুন কোচ রিকি পন্টিং বলেন, “আমি জানতাম, কাকে অধিনায়ক হিসেবে চাই। শ্রেয়াসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। তিনি একজন দুর্দান্ত নেতা ও ব্যাটসম্যান।”
পাঞ্জাব কিংস গত মৌসুমে ঘরের মাঠে মাত্র একটি ম্যাচ জিতেছিল। এবার সেই দুর্বলতা কাটিয়ে ঘরের মাঠে দাপট দেখাতে চায় দল। পন্টিং বলেন, “যদি বাড়ির মাঠে ম্যাচ না জিততে পারো, তবে আইপিএল জেতা কঠিন। এবার আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই।”
শ্রেয়াস ও পন্টিংয়ের জুটি কি পাঞ্জাব কিংসকে প্রথম শিরোপা এনে দিতে পারবে? উত্তর মিলবে আইপিএল ২০২৫-এ।







