উত্তর আন্দামান জেলার দিগলিপুরে একটি মাঠ থেকে উদ্ধার ৩৮ বছরের সাংবাদিক শাদেব দে-র পোড়া দেহ। গত ২৯ মার্চ থেকে নিখোঁজ তিনি। পুলিশ জানায়, শাদেব দে ‘রিপাবলিক আন্দামান’ নামে একটি স্থানীয় সংবাদ চ্যানেলের মালিক। মঙ্গলবার দিগলিপুরের দেশবন্ধু নগর অঞ্চলে উদ্ধার হয় তাঁর দেহ ।
উত্তর ও মধ্য আন্দামান জেলার পুলিশ সুপার শ্বেতা কে সুগাথন জানান, এটি খুনের ঘটনা। এই মামলায় এখন সাংবাদিক খুনের ঘটনায় পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে একজন মহিলা। তদন্তের প্রাথমিক পর্যায়ে খবর, ব্যক্তিগত শত্রুতার জেরে এই কাণ্ড।
ধৃত অভিযুক্তরা হলেন দিগলিপুরের এক বার-কাম-রেস্তোরাঁর মালিক গঙ্গাইয়া, তাঁর দুই কর্মচারী রামা সুব্রমানিয়ান ও রমেশ এবং স্থানীয় এক মহিলা, বিতিকা মালিক। তদন্তকারীদের দাবি, ২৯ মার্চ রাত ৮টার দিকে বিতিকা মালিক শাদেবকে দিগলিপুরের নেহরু যুব কেন্দ্র এলাকায় দেখা করার জন্য ডাকেন। তিনি সেখানে গেলে রেস্তোরাঁ মালিক গঙ্গাইয়ার কর্মচারী রামা সুব্রমানিয়ান তাকে মাথায় আঘাত করে। শাদেব মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাঁর দেহ দেশবন্ধু নগরের একটি নির্জন স্থানে নিয়ে পুড়িয়ে দেয়।
তবে ধৃতদের বয়ানে অসঙ্গতি থাকায় তদন্তকারীরা বিষয়টি আরও খতিয়ে দেখছে।
সাংবাদিক শাদেব দে আন্দামানের অবৈধ মাটি কাটার কাজ, কাঠ পাচার, মদ তৈরির চোরাকারবার ও জুয়া চক্র নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করছিলেন। নিখোঁজের দিন তিনি রাত ৮টা ১১ মিনিট নাগাদ তিনি স্ত্রীকে ফোন করে জানান, তিনি মধ্যপুরে রয়েছেন এবং এক ঘণ্টার মধ্য ফিরবেন। তবে সেদিন আর তিনি আর বাড়ি ফেরেননি। পাশাপাশি তাঁর মোবাইল বন্ধ ছিল।
শাদেবের আত্মীয় অলোক বরুই জানায়, ‘আমরা জানতে পেরেছি, তাঁকে খুন করা হয়েছে। কয়েক মাস আগেও তিনি এলাকায় অবৈধ মদের চোরাচালান ফাঁস করতে গিয়ে স্থানীয় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন।’







