কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার পর শোকস্তব্ধ গোটা ভারত। সেই রক্তাক্ত ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন একসময় পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলা একমাত্র হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া। একের পর এক বিস্ফোরক মন্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে জঙ্গিদের মদতদাতা বলে দেগেছেন তিনি। তাঁর বক্তব্যে ফুটে উঠেছে পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর চলা নিপীড়নের বাস্তব চিত্র।
সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে কানেরিয়া প্রশ্ন তোলেন, কেন জঙ্গিরা সবসময় হিন্দুদের লক্ষ্য করে? কেন কাশ্মীরি পণ্ডিত কিংবা ভারতীয় হিন্দুরাই বারবার নিশানা হয়? তাঁর মতে, এই হামলাগুলি নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি নির্দিষ্ট মৌলবাদী ভাবনার প্রতিফলন।
আরও এক ধাপ এগিয়ে কানেরিয়া দাবি করেন, “যদি পাকিস্তানের কোনও ভূমিকা না-ই থাকে, তবে প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত নিন্দা জানাননি কেন? আপনারা আসলে জানেন ভিতরে ভিতরে কী চলছে। আপনাদের নেতৃত্বেই জঙ্গিরা আশ্রয় পায়।” পাকিস্তানের সেনাবাহিনীর হঠাৎ সক্রিয়তা নিয়েও তিনি কটাক্ষ করেছেন।
দানিশ কানেরিয়ার এই বক্তব্য পাকিস্তানে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, তাঁর অভিযোগ দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, বরং দেশের রাজনীতিকদের উদ্দেশেই তাঁর আক্রমণ। তিনি চান এমন এক নেতা, যিনি সত্যিই শান্তির বার্তা দিতে পারবেন।
অতীতে পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট খেলা কানেরিয়া বারবার অভিযোগ করেছেন, ধর্মীয় পরিচয়ের জন্য তাঁকে কখনও স্বীকৃতি দেওয়া হয়নি। এমনকি সতীর্থ শাহিদ আফ্রিদি তাঁকে ধর্ম পরিবর্তনের প্রস্তাবও দিয়েছিলেন বলেও জানান। আজ তিনি আমেরিকায় থাকলেও তাঁর কণ্ঠে এখনো রয়ে গেছে প্রতিবাদের আগুন।







