দেশবিদেশ

ব্যারাকপুরে বিরিয়ানি, লিলুয়ায় নাচ—পাক সন্দেহে ধৃত জ্যোতির সফরঘটিত রহস্য!

সম্প্রতি পাক গুপ্তচরের সন্দেহে গ্রেফতার হওয়া জ্যোতিরানি মালহোত্রা একাধিকবার কলকাতা সফর করেছেন। শুধু কলকাতাই নয়, উত্তরবঙ্গ, নদিয়া ও অসম সীমান্তবর্তী জয়গাঁতেও ঘুরে বেড়িয়েছেন তিনি। এমনকি উত্তরবঙ্গের সেনা ঘাঁটির কাছে ‘চিকেনস নেক’ অঞ্চল, করোনেশন ব্রিজেও ঘোরার তথ্য মিলেছে। এসব সফরে তাঁর সঙ্গী ছিলেন বাংলার ট্রাভেল ব্লগার সৌমিত ভট্টাচার্য।

প্রথম সারির এক টিভি চ্যানেলকে (TV9 বাংলা) ফোনে সৌমিত জানিয়েছেন, জ্যোতির সঙ্গে তাঁর আলাপ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময়। সেখান থেকেই শুরু হয় যোগাযোগ। এরপর কলকাতায় এসে জ্যোতি সৌমিতের সঙ্গে দেখা করেন। তাঁরা একসঙ্গে যান ব্যারাকপুরের এক বিরিয়ানি রেস্তরাঁয়। এরপর ব্যারাকপুর থেকে লঞ্চে শেড়াফুলি ঘাট, সেখান থেকে ট্রেনে লিলুয়া—সবকিছুই ছিল ট্রাভেল ভ্লগের অংশ। এমনকি লিলুয়ায় ভ্লগার মোহিতের বিয়েতে উপস্থিত ছিলেন জ্যোতি, যেখানে নাচে মেতে উঠেছিলেন তিনি।

তবে এই সফরগুলির অন্তরালে কোনও গুপ্তচরবৃত্তির কার্যকলাপ ছিল কি না, তা এখন তদন্তের বিষয়। সৌমিত স্পষ্ট জানিয়েছেন, তিনি জ্যোতির পাকিস্তান সংযোগের বিষয়ে কিছুই জানতেন না। আগে জানলে কখনই তাঁকে কলকাতায় ঢুকতে দিতেন না।

বর্তমানে তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কলকাতা ও সংলগ্ন এলাকার কোনও স্পর্শকাতর তথ্য বিদেশে পাচার হয়েছে কি না। জ্যোতির সফরের ভিডিও ও ডিজিটাল হদিশ থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.