পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের জামবাড়ি গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। মৃতের নাম উমা শংকর করন, বয়স আনুমানিক ৩২ বছর। তিনি পূর্ব মেদিনীপুর জেলা আইবি দপ্তরের অধীনে কর্মরত ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি গ্রামের বাড়িতে চাষবাস করেই জীবনযাপন করতেন উমাশংকর।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তিনি নিজের সবজি বাগানে টুলু পাম্প চালিয়ে জল দিচ্ছিলেন। জল দেওয়া শেষ হওয়ার পর যখন ইলেকট্রিক লাইনের সংযোগ খুলছিলেন, তখনই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে পরিবার এবং প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উমাশংকর অত্যন্ত সাদামাটা এবং কর্মনিষ্ঠ মানুষ ছিলেন। প্রতিদিন ডিউটির পর নিজের বাড়ির কাজে হাত লাগাতেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।
এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার কার্যত দিশেহারা। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনও সরকারি ক্ষতিপূরণের ঘোষণা না হলেও, স্থানীয়দের দাবি, মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের পাশে দাঁড়ানো উচিত প্রশাসনের।
এই ঘটনার পর এলাকায় ফের একবার উঠে এসেছে বিদ্যুৎ সংযোগ ব্যবহারে সাবধানতার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন।







