আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪১ জন যাত্রীর। লন্ডনের উদ্দেশ্যে টেক-অফ নেওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানটি ভেঙে পড়ে একটি হাসপাতালের ছাদে। তবে এই মর্মান্তিক ঘটনার মধ্যেও অবাক করা এক তথ্য ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। কারণ, দুর্ঘটনার কয়েকদিন আগেই এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন এমনই একটি বিপর্যয়ের!
জানা গেছে, রাজস্থানের জয়পুরের বাসিন্দা জ্যোতিষী গৌরব পুরোহিত ৩১ মে ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি স্পষ্ট লেখেন, “৭ জুনের পর ভারতসহ বহু দেশে বিমান দুর্ঘটনার সম্ভাবনা প্রবল। বড় ব্যক্তিত্বদের মৃত্যু পর্যন্ত হতে পারে। ভারত, আমেরিকা, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।” এমনকি তিনি একটি সামরিক কর্মকর্তার মৃত্যুর সম্ভাবনার কথাও বলেন।
এই ভয়াবহ ঘটনাটির পরে গৌরব পুরোহিতের এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। লাইভ হিন্দুস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত পাঁচ বছর ধরে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা ও আন্তর্জাতিক বিষয়ে ভবিষ্যদ্বাণী করছেন তিনি, যার ৯৯% নাকি সত্যি হয়েছে বলেই তার দাবি। উদাহরণ হিসেবে তুলে ধরেছেন উত্তরপ্রদেশ ও রাজস্থানের নির্বাচন এবং আইপিএলের ফলাফল সম্পর্কিত তাঁর পূর্বানুমান।
গৌরব পুরোহিত জ্যোতিষশাস্ত্রে বিএ, বিএড ও এমএ করেছেন। তবে প্রশ্ন একটাই—এই ভবিষ্যদ্বাণী কি নিছক কাকতালীয়, নাকি সত্যিই ছায়া ফেলছে ভয়ঙ্কর বাস্তবতার ওপর?
ঘটনার গভীরে যেতে চায় অনেকেই। কিন্তু যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের কাছে এই প্রশ্নের উত্তর হয়তো এখন আর কোনো অর্থ বহন করে না।







