নিজস্ব প্রতিনিধি: পানিহাটির রাস্তায় প্রকাশ্যে তৃণমূল কাউন্সিলর ও এক তরুণীর মধ্যে হাতাহাতির ঘটনাকে ঘিরে শুরু হয়েছিল চরম বিতর্ক। আর সেই বিতর্কের রেশ কাটিয়ে এবার ‘মধুর’ উপসংহারে পৌঁছল এই সংঘর্ষ। দলীয় নির্দেশে পার্টি অফিসে বসে তরুণীকে আলিঙ্গন করে ও মিষ্টি মুখ করিয়ে সব দ্বন্দ্ব মিটিয়ে ফেললেন পানিহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়।
ঘটনা গত মঙ্গলবারের। পানিহাটির দণ্ড মহোৎসবতলা ঘাটের কাছে বাইকে যাচ্ছিলেন কাউন্সিলর শ্রাবন্তী রায়। উল্টোদিক থেকে স্কুটারে আসছিলেন এক তরুণী। অভিযোগ, স্কুটার এসে ধাক্কা মারে কাউন্সিলরের বাইকে। শুরু হয় বাকবিতণ্ডা। অভিযোগ, কাউন্সিলর ওই তরুণীকে চড় মারেন। প্রত্যুত্তরে ওই তরুণী ধরে ফেলেন কাউন্সিলরের চুলের মুঠি। রীতিমতো শুরু হয় হাতাহাতি। বেশ কিছুক্ষণ চলার পর স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। তৃণমূল নেতৃত্বের একাংশ দলের কাউন্সিলরের এমন ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলেই সূত্রের খবর। তারপরই বিষয়টি মিটিয়ে নেওয়ার নির্দেশ আসে দলের শীর্ষ মহল থেকে।
পরিস্থিতি সামাল দিতে ডাকা হয় দুই পক্ষকে। পার্টি অফিসে শ্রাবন্তী রায় ও ওই তরুণী বসে কথা বলেন। নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন। শেষে একে অপরকে ক্যাডবেরি খাইয়ে ‘মিষ্টি সমাপ্তি’র দৃষ্টান্ত রাখেন দু’জনে।
প্রসঙ্গত, রাস্তায় কাউন্সিলরের প্রকাশ্য মারমুখী রূপ যেমন ভাইরাল হয়েছিল, এবার তাঁদের মিলনের ছবিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক মহলের বক্তব্য, সময়মতো damage control করেই ধাক্কা সামলে নিল তৃণমূল।






