দুলদুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বরূপকাঠি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে একাধিক অব্যবস্থার অভিযোগ তুলে তীব্র বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। শুক্রবার ৫১ জন ছাত্র-ছাত্রীর এই স্কুলে হাজির হয়ে অভিভাবক ও অভিভাবিকারা অভিযোগ করেন – স্কুলের ছাদের চাঙড় যে কোনও সময় মাথায় ভেঙে পড়তে পারে, শ্রেণীকক্ষে বর্ষায় জল জমে পড়াশোনা ব্যাহত হচ্ছে। মিড ডে মিলে দেওয়া হচ্ছে পোকা ওঠা চাল ও অস্বাস্থ্যকর খাবার, যার ফলে অসুস্থ হয়ে পড়ছে অনেক শিশুই।
অভিভাবকদের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই বিক্ষোভের পথে হাঁটেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাস দাস জানান, “আমি আমার উচ্চতর কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি বিদ্যালয়ের ভগ্নদশার কথা। সত্যিই ছাত্রছাত্রীরা ঠিক মতো পড়াশোনা করতে পারছে না। কিন্তু আজও কোনও ফল পাইনি।”
এই ঘটনায় শিক্ষা দপ্তর ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অভিভাবকরা অবিলম্বে স্কুল মেরামতি ও নিরাপদ খাবার সরবরাহের দাবি জানিয়েছেন।






