বিনোদন

বাংলাতেও টিকিটের দাম বেঁধে দিলে কি ঘুরে দাঁড়াবে বাংলা ছবি? হল মালিকদের মতভেদ স্পষ্ট

কর্ণাটক সরকার ফের প্রেক্ষাগৃহে আঞ্চলিক ভাষার ছবির টিকিট মূল্য বেঁধে দিল ২০০ টাকায়। ২০১৭ সালের পর আবার এই নিয়ম চালু করল সিদ্দারামাইয়া সরকার। সিদ্ধান্তের মূল উদ্দেশ্য, টিকিটের দাম সহনীয় রেখে কন্নড় ভাষার ছবিতে দর্শক টানার চেষ্টা। কর্ণাটক সিনেমা (নিয়ন্ত্রণ) নিয়ম, ২০১৪-র সংশোধনীর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কিন্তু এই মডেল যদি বাংলায়ও আসে? তাহলে কি বাঁচবে বাংলা ছবি? প্রশ্ন তুলছে টলিপাড়া। সেই প্রশ্নেই শহরের সংবাদ সংস্থা যোগাযোগ করেছিল কলকাতার একাধিক প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে।

প্রিয়া প্রেক্ষাগৃহের কর্ণধার সোজাসাপটা বললেন,”বাংলা আর হিন্দি ছবির টিকিটের দাম এক হলে দর্শক কাকে বেছে নেবে? ‘ওয়ার ২’ না ‘ধূমকেতু’? দাম বেঁধে দিলে মাল্টিপ্লেক্স আরও জমবে, সিঙ্গল স্ক্রিন ধুঁকবে। প্রযোজকরা মুনাফা তো দূরের কথা, লগ্নিই তুলতে পারবেন না। এটা হলে বাংলা ছবি আরও কোণঠাসা হয়ে পড়বে।” প্রবীর রায়, বেহালার অশোকা প্রেক্ষাগৃহের কর্ণধার, বললেন,”কন্নড় আর বাংলা ছবির বাজারের চরিত্র আলাদা। বাংলায় দর্শকদের বড়ো অংশ মধ্যবিত্ত পরিবার। তাঁরা ১৫০ টাকায় চার জন মিলে ছবি দেখেন। সেটা যদি হয় ২০০, খরচ বেড়ে যাবে। বক্স অফিসে ধাক্কা লাগবে। আর মাল্টিপ্লেক্সে তো দর্শক যাবেই, সিঙ্গল স্ক্রিনই পড়বে সবচেয়ে বেশি বিপাকে।”

তবে নবীনা প্রেক্ষাগৃহের কর্ণধার নবীন চৌখানি একটু অন্য সুরে বললেন,”আমি তো ১০০-১৫০ টাকায় টিকিট রাখি, তাতে আমার সমস্যা হয় না। ২০০ টাকাও হলে চলবে। তবে সরকারের কোনও সিদ্ধান্ত আলোচনার মাধ্যমেই হয়, এটাই বাংলায় রীতি। এবারও আলোচনা হবে, যেখানে সবার সুবিধা হবে এমন পথই বেরোবে বলে আমার বিশ্বাস।” সংক্ষেপে, একদল মনে করছেন এই নীতিতে বাংলা ছবির আরও ক্ষতি হবে, আবার কেউ মনে করছেন আলোচনার মাধ্যমে সঠিক সমাধান সম্ভব। তবে সব পক্ষই একমত, চলচ্চিত্র শিল্পের স্বার্থেই সরকারের যেকোনও সিদ্ধান্তে প্রেক্ষাগৃহ মালিক, প্রযোজক ও দর্শকদের কথা ভেবে এগোনো উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.