Uncategorized

সবংয়ে প্রভাত ফেরিতে হানা ভিমরুলের, আহত ৩০

পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকে স্বাধীনতা দিবসের সকালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার (১৫ আগস্ট) সকালে স্কুলের প্রভাত ফেরি চলাকালীন হঠাৎ ঝাঁকে ঝাঁকে ভিমরুল আক্রমণ করল ছাত্রছাত্রী ও শিক্ষকদের উপর। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে, আহত হন এক শিক্ষক-সহ মোট ৩০ জন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। স্থানীয় সূত্রে জানা যায়, সবং ব্লকের বলপাই পশুপতি সুরেন্দ্র বিদ্যাপীঠ হাইস্কুলের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যান্ড ও বাঁশি সহযোগে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও সেই মিছিলে অংশ নেন। মিছিলটি যখন রাস্তার ধারে একটি বড় বট গাছের পাশ দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ গাছের ফাঁক থেকে ভিমরুলের ঝাঁক বেরিয়ে এসে সবাইকে আক্রমণ করতে শুরু করে। আচমকা এই বিপদে মিছিল ভেঙে পড়ে, ছুটোছুটি শুরু হয় চারপাশে। কিন্তু পালিয়ে গিয়েও অনেকে রেহাই পাননি—ভিমরুল তাড়া করে গিয়ে শরীরে হুল ফুটিয়ে দেয়।

আহতদের মধ্যে কয়েকজন বিষের জ্বালায় রাস্তাতেই অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও, অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর ভিমরুলের ভয়ে এলাকাবাসীরা দরজা-জানালা বন্ধ করে ঘরে আটকে থাকেন। খবর পেয়ে রাজ্যের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়া, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক কুমার সিংহ মহাপাত্র এবং সবং থানার আধিকারিক চঞ্চল সিংহ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন ও অভিভাবকদের আশ্বস্ত করেন।

স্থানীয়দের মতে, ওই বটগাছে বহুদিন ধরেই ভিমরুলের বাসা ছিল, তবে এত বড় আক্রমণের ঘটনা আগে ঘটেনি। অনেকে মনে করছেন, ব্যান্ডের তীব্র শব্দে ভিমরুল বিরক্ত হয়ে এভাবে আক্রমণ চালায়। এলাকাবাসীর দাবি, যত দ্রুত সম্ভব ওই চাক ধ্বংস করে নিরাপত্তা নিশ্চিত করা হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.